নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ অগাস্ট ২০২৬ | ৩:৩৫ পিএম
বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করতে তিনটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ছয় বছরের জন্য ড্রাই লিজে নিতে আবারও দরপত্র আহ্বান করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগের দরপত্রে পর্যাপ্ত সাড়া না পাওয়ায় নতুন করে প্রস্তাব চাওয়া হয়েছে।
বিমানের করপোরেট প্ল্যানিং বিভাগ সূত্রে জানা গেছে, গত ১০ আগস্ট নতুন রিকোয়েস্ট ফর প্রপোজাল (আরএফপি) প্রকাশ করা হয়। এতে প্রস্তাব জমা দেওয়ার শেষ সময় ২৫ আগস্ট সকাল ১০টা। নতুন দরপত্রে ৭২ মাসের জন্য তিনটি উড়োজাহাজ চাওয়া হয়েছে।
দ্রুত বহরে উড়োজাহাজ যুক্ত করাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। উড়োজাহাজগুলো ২০২৭ সালের ১ জানুয়ারির মধ্যে সরবরাহ করতে হবে। তবে ২৮ ফেব্রুয়ারির মধ্যে সরবরাহ করা সম্ভব—এমন উড়োজাহাজও কারিগরি মূল্যায়নে বিবেচনা করা হবে।
দরপত্রের শর্ত অনুযায়ী, ২০২৭ সালের ৩০ জুন উড়োজাহাজগুলোর বয়স ১৫ বছরের বেশি হওয়া যাবে না। প্রতিটিতে জিইনএক্স-১বি৭৪/৭৫ ইঞ্জিন, দুই শ্রেণির কেবিনে ৩০০টির বেশি আসন এবং আধুনিক এভিওনিকস ও নিরাপত্তা ব্যবস্থা থাকতে হবে। বিজনেস শ্রেণির আসন ১৮০ ডিগ্রি সমতল করা যাবে এবং ইকোনমি শ্রেণিতে সিট পিচ হতে হবে কমপক্ষে ৩১ ইঞ্চি।
সরবরাহের আগে উড়োজাহাজে নতুন করে সি-চেক সম্পন্ন করতে হবে। লিজের প্রথম ২৪ মাসে বড় ধরনের রক্ষণাবেক্ষণের প্রয়োজন না পড়ার বিষয়টিও নিশ্চিত করতে হবে। বিমানের নিজস্ব রঙ ও নকশায় উড়োজাহাজ রাঙানোর খরচ বহন করবে লিজদাতা প্রতিষ্ঠান।
ড্রাই লিজে উড়োজাহাজ সরবরাহের দায়িত্ব থাকবে লিজদাতার। তবে পরিচালনা, পাইলট ও কেবিন ক্রু, রক্ষণাবেক্ষণ এবং বিমার দায়িত্ব পালন করবে বিমান।
প্রতিটি উড়োজাহাজ বছরে প্রায় ৪ হাজার ঘণ্টা পরিচালনার পরিকল্পনা রয়েছে। দরপত্র মূল্যায়নে কারিগরি মানদণ্ডে ২৫ শতাংশ এবং আর্থিক সক্ষমতায় ৭৫ শতাংশ নম্বর রাখা হয়েছে।
বর্তমানে বিমানের বহরে ১৯টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার রয়েছে। নতুন তিনটি যুক্ত হলে দীর্ঘপথের আন্তর্জাতিক রুটে বিমানের সক্ষমতা আরও বাড়বে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত