প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ | ৭:১৭ এএম
উড্ডয়নের মাত্র ৯ মিনিট পর আটলান্টিক মহাসাগরে বিধ্বস্ত হওয়া প্যান অ্যামেরিকান এয়ারওয়েজের একটি ঐতিহাসিক যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ ৭৪ বছর পর খুঁজে পেয়েছেন অনুসন্ধানকারীরা।
১৯৫২ সালের ভয়াবহ ওই দুর্ঘটনার পর নিখোঁজ থাকা ডগলাস ডিসি-৪ ফ্লাইট ৫২৬এ-এর ধ্বংসাবশেষ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার ফুট গভীরে শনাক্ত করা হয়েছে। আধুনিক সোনার প্রযুক্তি ও পানির নিচে চলাচলকারী স্বয়ংক্রিয় ড্রোনের মাধ্যমে এ আবিষ্কার সম্ভব হয়েছে।
ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১৯৫২ সালের ১১ এপ্রিল পুয়ের্তো রিকোর সান হুয়ানের ইসলা গ্রান্দে বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে উড্ডয়ন করে বিমানটি। কিন্তু মাত্র ৯ মিনিট পর আটলান্টিকে বিধ্বস্ত হয়।
বিমানটিতে ৬৪ জন যাত্রী ও ৫ জন ক্রু সদস্যসহ মোট ৬৯ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর ১৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাকিরা প্রাণ হারান।
দীর্ঘদিনের অনুসন্ধানের পর ডিসকভারি চ্যানেলের ‘এক্সপেডিশন আননোন’ দলের নেতৃত্বে পরিচালিত অভিযানে যুক্তরাষ্ট্রের এয়ার/সি হেরিটেজ ফাউন্ডেশন ও ডিপ সি ভিশনের যৌথ প্রচেষ্টায় ধ্বংসাবশেষের অবস্থান শনাক্ত করা হয়।
অনুসন্ধানকারীরা জানিয়েছেন, উচ্চ রেজল্যুশনের সোনার স্ক্যানের পাশাপাশি পানির নিচে পরিচালিত স্বয়ংক্রিয় ড্রোনের মাধ্যমে ধ্বংসাবশেষের ছবি ও তথ্য সংগ্রহ করা হয়েছে। এ অভিযানে তিন লাখ ৫০ হাজারের বেশি ছবি সংগ্রহ করা হয়েছে, যা ভবিষ্যৎ গবেষণায় সহায়ক হবে।
তদন্তে জানা যায়, উড্ডয়নের পর বিমানের তিন নম্বর ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে চার নম্বর ইঞ্জিনেও সমস্যা দেখা দিলে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে পড়ে যায়। তদন্তকারীরা যান্ত্রিক ত্রুটি ও অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণকে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেন।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত