, , ,

নারীকে ইতালিতে পাচারের অভিযোগে ৫৬ পাসপোর্টসহ সংঘবদ্ধ চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ জুলাই ২০২৬ | ১২:৫৫ পিএম

নারীকে ইতালিতে পাচারের অভিযোগে ৫৬ পাসপোর্টসহ সংঘবদ্ধ চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

ভিসা জালিয়াতির মাধ্যমে প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য নারীকে ইতালিতে পাঠানোর অভিযোগে একটি সংঘবদ্ধ মানবপাচার চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযানের সময় তাদের কাছ থেকে ৫৬টি পাসপোর্ট, ১৫৩টি বিভিন্ন প্রতিষ্ঠানের সিল, একটি এম্বোস সিল, তিনটি সিপিইউ, একটি ল্যাপটপ এবং নগদ ২ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তাৎক্ষণিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (২০ জুলাই) সিআইডির মানবপাচার শাখার (টিএইচবি) একটি দল রাজধানীর গুলশান-১ এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ চক্রটির সদস্যদের গ্রেপ্তার করে। এ ঘটনায় গুলশান থানায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. বেলায়েত হোসেন (৪০), মেহেদী হাসান (৩৭), সোলাইমান সুমন (৩২), ফজলে রাব্বী (২৭), তৌহিদুর রহমান (২৪), কাওসার হোসেন (৪২) এবং নাজমুল হাসান।

সিআইডি জানায়, অভিযানে গ্রেপ্তারদের অফিস থেকে তিনটি সিপিইউ, একটি এইচপি ল্যাপটপ, বিভিন্ন ব্যক্তির নামে থাকা ৫৬টি পাসপোর্ট, সরকারি, বেসরকারি ও বিদেশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ব্যবহৃত ১৫৩টি সিল, একটি লোহার তৈরি এম্বোস সিল এবং নগদ ২ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী নারীর স্বামী দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করছেন। স্বামী ও চার সন্তানকে নিয়ে ইতালিতে যাওয়ার আশায় তিনি দীর্ঘদিন ধরে ভিসা পাওয়ার চেষ্টা করছিলেন। এ জন্য ইতালির দূতাবাসে প্রয়োজনীয় কাগজপত্র ও পাসপোর্ট জমা দেন। পরে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে দূতাবাস থেকে তাকে পাসপোর্ট নবায়নের জন্য যোগাযোগ করা হয়।

পাসপোর্ট সংগ্রহ করতে দূতাবাসে গেলে তার পরিচয় হয় অভিযুক্ত নাজমুল হাসানের সঙ্গে। অভিযোগ রয়েছে, নাজমুল নিজেকে দ্রুত পাসপোর্ট নবায়ন ও ইতালির ভিসা করিয়ে দেওয়ার সক্ষম ব্যক্তি হিসেবে পরিচয় দেন এবং ২৪ ঘণ্টার মধ্যে পাসপোর্ট নবায়নের আশ্বাস দেন।

পরে তিনি ওই নারীকে রাজধানীর গুলশান-১ এলাকার একটি ট্রাভেল এজেন্সিতে নিয়ে যান, যেখানে প্রতিষ্ঠানের প্রধান হিসেবে তার পরিচয় করিয়ে দেওয়া হয় অভিযুক্ত মো. বেলায়েত হোসেনের সঙ্গে।

সিআইডির দাবি, চক্রটি ভিসা জালিয়াতি, প্রতারণা এবং ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার পাশাপাশি মানবপাচারের সঙ্গে জড়িত। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com