নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ | ২:৪৩ পিএম
২০২৬ সালের স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডসে বিশ্বের সেরা এয়ারলাইন্সের স্বীকৃতি পেয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। দ্বিতীয় হয়েছে কাতার এয়ারওয়েজ এবং তৃতীয় অবস্থানে রয়েছে ক্যাথে প্যাসিফিক।
১৮ সেপ্টেম্বর লন্ডনের ল্যাংহাম হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এবারের পুরস্কার ঘোষণা করা হয়। স্কাইট্র্যাক্সের ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত পরিচালিত জরিপের ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয়েছে। এতে বিশ্বের ১০০টির বেশি দেশের যাত্রীরা অংশ নেন এবং ৩০০টির বেশি এয়ারলাইন্স জরিপে অন্তর্ভুক্ত ছিল।
এ নিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বের সেরা এয়ারলাইন্সের পুরস্কার পেল সিঙ্গাপুর এয়ারলাইন্স। গতবারের বিজয়ী কাতার এয়ারওয়েজ এবার দ্বিতীয় হয়েছে। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে অল নিপ্পন এয়ারওয়েজ ও তুর্কিশ এয়ারলাইন্স।
শীর্ষ দশে আরও রয়েছে এমিরেটস, এয়ার ফ্রান্স, হাইনান এয়ারলাইন্স, জাপান এয়ারলাইন্স ও কোরিয়ান এয়ার। থাই এয়ারওয়েজের অবস্থান ২০তম।
সিঙ্গাপুর এয়ারলাইন্স এবার সেরা ইকোনমি ক্লাস এবং ইকোনমি ক্লাসের সেরা খাবারের পুরস্কারও পেয়েছে। কাতার এয়ারওয়েজ জিতেছে সেরা বিজনেস ক্লাস, সেরা বিজনেস ক্লাস লাউঞ্জ, মধ্যপ্রাচ্যের সেরা এয়ারলাইন্স এবং সেরা ইন-ফ্লাইট ওয়াই-ফাইয়ের পুরস্কার।
ক্যাথে প্যাসিফিক পেয়েছে সেরা কেবিন ক্রু ও সেরা ফার্স্ট ক্লাস লাউঞ্জের স্বীকৃতি। এয়ার ফ্রান্স জিতেছে সেরা ফার্স্ট ক্লাস ও পশ্চিম ইউরোপের সেরা এয়ারলাইন্সের পুরস্কার। পরিবারের জন্য সেরা এয়ারলাইন্স ও সেরা প্রিমিয়াম ইকোনমি ক্লাসের পুরস্কার পেয়েছে ইভিএ এয়ার।
এদিকে সবচেয়ে পরিচ্ছন্ন এয়ারলাইন্স নির্বাচিত হয়েছে স্টারলাক্স এয়ারলাইন্স। সেরা এয়ারলাইন জোট হয়েছে ওয়ানওয়ার্ল্ড। লো-কস্ট এয়ারলাইন্সের মধ্যে সেরা হয়েছে এয়ারএশিয়া, আর দূরপাল্লার সেরা কম খরচের এয়ারলাইন্স হয়েছে স্কুট।
দক্ষিণ এশিয়ায় সেরা লো-কস্ট এয়ারলাইন্সের স্বীকৃতি পেয়েছে ইন্ডিগো। সবচেয়ে উন্নতি করা এয়ারলাইন্সের তালিকায় প্রথম হয়েছে ইজিপ্টএয়ার এবং দ্বিতীয় এয়ার ইন্ডিয়া।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত