নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ অগাস্ট ২০২৬ | ৪:৪৯ পিএম
যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনে বড় পরিবর্তনের প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। প্রস্তাবটি কার্যকর হলে এইচ-১বি ভিসাসহ কয়েকটি কর্মভিত্তিক ভিসাধারী চাকরি হারানোর পর নতুন চাকরি খোঁজার জন্য যে সর্বোচ্চ ৬০ দিনের সময় পান, তা বাতিল হতে পারে।
বর্তমানে প্রস্তাবটি হোয়াইট হাউসের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের পর্যালোচনায় রয়েছে। তবে এটি এখনো চূড়ান্ত নিয়মে পরিণত হয়নি এবং প্রস্তাবটির বিস্তারিত তথ্যও পুরোপুরি প্রকাশ করা হয়নি।
বর্তমান নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট কিছু বিদেশি কর্মী চাকরি হারানোর পর সর্বোচ্চ ৬০ দিন অথবা অনুমোদিত ভিসার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারেন। এই সময়ের মধ্যে তারা নতুন চাকরি খুঁজে নেওয়ার সুযোগ পান।
প্রস্তাবিত পরিবর্তন চূড়ান্ত হলে চাকরি হারানোর পর ক্ষতিগ্রস্ত কর্মী ও তাদের নির্ভরশীলদের দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে।
২০১৭ সালে চালু হওয়া এই ৬০ দিনের ছাড়ের সুবিধা ই-১, ই-২, ই-৩, এইচ-১বি, এইচ-১বি১, এল-১, ও-১ ও টিএনসহ বিভিন্ন কর্মভিত্তিক ভিসার ক্ষেত্রে প্রযোজ্য।
এই পরিবর্তন বিশেষ করে যুক্তরাষ্ট্রে কর্মরত ভারতীয় নাগরিকদের ওপর বড় প্রভাব ফেলতে পারে। কারণ এইচ-১বি কর্মসূচির অন্যতম বড় সুবিধাভোগী ভারতীয়রা।
তবে প্রস্তাবটি এখনো চূড়ান্ত না হওয়ায় নতুন নিয়ম কার্যকর হচ্ছে—এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত