ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ৩০ অগাস্ট ২০২৬ | ১১:১৭ এএম
মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন কার্যক্রম ব্যবহারে করণীয় ও বর্জনীয় বিষয়ে নির্দেশনা দিয়েছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরামর্শের ভিত্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
হাইকমিশনের নির্দেশনায় মালয়েশিয়ার আইন ও বিধি, কর্মস্থলের নীতিমালা, স্থানীয় সাইবার আইন এবং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ মেনে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। পরিবার ও বন্ধুদের সঙ্গে ইতিবাচক যোগাযোগের পাশাপাশি অনলাইনে কোনো তথ্য, ছবি বা ভিডিও প্রকাশের আগে তার সত্যতা যাচাই করতে বলা হয়েছে।
কর্মস্থল-সংক্রান্ত কোনো তথ্য বা ছবি-ভিডিও প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ এবং অপরিচিত ব্যক্তি, অজানা লিংক ও সন্দেহজনক বার্তা থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে প্রতারণা ও ফিশিং এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
নির্দেশনায় সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠন-সংশ্লিষ্ট কোনো কনটেন্ট প্রচার বা শেয়ার না করার কথা বলা হয়েছে। পাশাপাশি গুজব, বিদ্বেষমূলক বক্তব্য ও উসকানিমূলক অনলাইন কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।
ইসরায়েল-ফিলিস্তিন, ইরান-ইসরায়েলসহ আন্তর্জাতিক সংঘাত নিয়ে মালয়েশিয়ার স্থানীয় আইন লঙ্ঘন করতে পারে—এমন বিতর্কিত পোস্ট শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে। কর্মরত দেশে নিষিদ্ধ রাজনৈতিক বা অনলাইন প্রচারণায় অংশ না নেওয়া এবং যাচাই ছাড়া কোনো ব্যক্তি, সংগঠন বা অনলাইন তহবিলে অর্থ অনুদান না দেওয়ার কথাও বলা হয়েছে।
এ ছাড়া কর্মস্থল, বিমানবন্দর, বন্দর ও নিরাপত্তাসংশ্লিষ্ট স্থানের ছবি বা ভিডিও ধারণ ও প্রকাশ না করতে সতর্ক করা হয়েছে। নিজের বা অন্যের পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র ও ব্যাংক-সংক্রান্ত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার নির্দেশনাও রয়েছে।
ভুয়া চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসা, দ্রুত আয়ের প্রলোভন, সন্দেহজনক বিনিয়োগ ও ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত প্রতারণা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ধর্মীয়, জাতিগত বা বর্ণগত বিদ্বেষ উসকে দিতে পারে—এমন পোস্ট বা বিতর্কে অংশ না নেওয়া এবং কোনো অপরাধ, সহিংসতা বা অবৈধ কর্মকাণ্ডকে সমর্থন বা প্রশংসা করে অনলাইনে পোস্ট, মন্তব্য বা প্রতিক্রিয়া না দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকমিশন।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত