ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৫ অগাস্ট ২০২৬ | ৩:০৮ পিএম
পোল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরও দায়িত্বশীল ও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
শুক্রবার (১৪ আগস্ট) রাতে দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ নির্দেশনা জানানো হয়।
দূতাবাস বলেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশনার পরিপ্রেক্ষিতে পোল্যান্ডে বসবাসরত সব বাংলাদেশিকে সামাজিক যোগাযোগমাধ্যম বিচক্ষণতার সঙ্গে ব্যবহারের অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে এমন কোনো বক্তব্য, আচরণ, কর্মকাণ্ড বা প্রচার থেকে বিরত থাকতে বলা হয়েছে, যা বিভ্রান্তিকর, অসত্য, উসকানিমূলক বা আপত্তিকর হতে পারে কিংবা পোল্যান্ডের প্রচলিত আইন ও বিধিবিধানের পরিপন্থি।
দূতাবাসের মতে, এ ধরনের কর্মকাণ্ডের কারণে শুধু ব্যক্তিই নয়, পোল্যান্ডে থাকা পুরো বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি ও সুনাম ক্ষতিগ্রস্ত হতে পারে।
বাংলাদেশিদের পোল্যান্ডের প্রচলিত আইন ও বিধিবিধান যথাযথভাবে মেনে চলার পাশাপাশি সামাজিক মাধ্যমে কোনো তথ্য, বক্তব্য বা কনটেন্ট প্রকাশের আগে এর সত্যতা ও সম্ভাব্য প্রভাব যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া অসত্য, বিভ্রান্তিকর, আইনবিরোধী বা উসকানিমূলক বক্তব্য ও কনটেন্ট প্রচার থেকে বিরত থাকতে বলা হয়েছে। অনলাইন ও অফলাইন—দুই ক্ষেত্রেই সংযত, দায়িত্বশীল ও আইনসম্মত আচরণের ওপর গুরুত্ব দিয়েছে দূতাবাস।
ব্যক্তিগত কর্মকাণ্ডের মাধ্যমে যেন বাংলাদেশি কমিউনিটির সুনাম ও মর্যাদা ক্ষুণ্ন না হয়, সে বিষয়েও সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
পাশাপাশি পোল্যান্ডে বসবাস, কাজ ও ব্যবসার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইন ও নির্দেশনা মেনে চলার জন্য বাংলাদেশিদের প্রতি অনুরোধ জানিয়েছে দূতাবাস।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত