প্রকাশ : ৩১ অগাস্ট ২০২৬ | ১:১৯ এএম
সৌদি আরবের তায়েফ শহরে মো. কামরুল জামান (৩৭) নামে এক প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। পরে হামলাকারী এক সৌদি যুবক নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন।
রোববার (৩০ আগস্ট) স্থানীয় সময় ভোর ৪টার দিকে তায়েফের হাওয়াইয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু নাসের চৌধুরী।
নিহত কামরুল জামান কুতুবপুর গ্রামের কাজী বাড়ির খোরশেদ আলমের ছেলে। তিনি দুই সন্তানের বাবা ছিলেন। জীবিকার সন্ধানে প্রায় আড়াই বছর আগে সৌদি আরবে যান।
স্থানীয়দের বরাতে জানা গেছে, একটি সুপার মার্কেটে কাজ শেষে বাসায় ফেরার পথে মোবাইল ফোনে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছিলেন কামরুল। এ সময় এক সৌদি যুবক তাকে লক্ষ্য করে গুলি করেন। প্রাণ বাঁচাতে কামরুল দৌড়ে ওই সুপার মার্কেটের ভেতরে ঢুকে পড়েন।
পরে হামলাকারী মার্কেটের ভেতরে ঢুকে কামরুলকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর হামলাকারী নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন।
তবে কী কারণে ওই সৌদি যুবক কামরুলকে গুলি করে হত্যা করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিবারের সদস্যরা রোববার বেলা ১১টার দিকে তার মৃত্যুর খবর জানতে পারেন।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত