নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ অগাস্ট ২০২৬ | ৫:৫১ পিএম
সিঙ্গাপুরের শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ ও প্রশিক্ষিত কর্মীদের অংশগ্রহণ বাড়ানো এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়ে আলোচনা হয়েছে। এ নিয়ে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিশেল লি’র সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক।
বুধবার (১৯ আগস্ট) সিঙ্গাপুর হাইকমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও সিঙ্গাপুরের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী পাঠানো, দেশটির শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং শ্রম অভিবাসন ব্যবস্থাপনা বিশেষ গুরুত্ব পায়।
আলোচনায় সিঙ্গাপুরের শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ জনশক্তির অংশগ্রহণ আরও বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। একই সঙ্গে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আন্তর্জাতিক শ্রমবাজারে আরও কার্যকরভাবে যুক্ত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
দুই দেশের মধ্যে শ্রম অভিবাসন ব্যবস্থাপনা ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রয়োজনীয়তার কথাও বৈঠকে উঠে আসে। বাংলাদেশি কর্মীদের জন্য নিরাপদ ও দক্ষতাভিত্তিক কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ভবিষ্যতে এ ধরনের সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত