ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ | ১২:১৭ পিএম
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিমান সংস্থা ফ্লাইদুবাই যাত্রী চাহিদা বৃদ্ধির কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক রুটে ফ্লাইট সংখ্যা দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে। আগামী ১৮ জুলাই থেকে দুবাই-ব্যাংকক রুটে দ্বিতীয় দৈনিক ফ্লাইট চালু হবে। এর ফলে গ্রীষ্মকালীন ভ্রমণের ব্যস্ত মৌসুমে যাত্রীরা আরও বেশি ফ্লাইট বিকল্প ও উন্নত সংযোগ সুবিধা পাবেন।
এয়ারলাইনটি জানায়, চলতি বছরের ১ জুলাই থেকে ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন ফ্লাইট পরিচালনা শুরু করার পর থেকেই রুটটিতে যাত্রী চাহিদা প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে। সেই বাড়তি চাহিদা পূরণে মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দৈনিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সঙ্গে থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন গন্তব্য ক্রাবি রুটেও ফ্লাইট সংখ্যা বাড়ানো হয়েছে। আগে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালিত হলেও এখন প্রতিদিন ফ্লাইট চলবে। ব্যাংকক ও ক্রাবি মিলিয়ে থাইল্যান্ডে ফ্লাইদুবাইয়ের মোট সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা বেড়ে ২১টিতে পৌঁছাবে।
ফ্লাইদুবাইয়ের বাণিজ্যিক পরিচালনা বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট সুধীর শ্রীধরন বলেন, ব্যাংকক রুট চালুর পর থেকেই যাত্রীদের ইতিবাচক সাড়া পাওয়া গেছে। দ্বিতীয় দৈনিক ফ্লাইট চালুর মাধ্যমে ভ্রমণ পরিকল্পনায় আরও নমনীয়তা আসবে। তিনি জানান, ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দর শহরের কেন্দ্রের কাছাকাছি হওয়ায় এটি পর্যটক ও ব্যবসায়িক ভ্রমণকারীদের জন্য বিশেষভাবে সুবিধাজনক।
তিনি আরও বলেন, নতুন ফ্লাইট চালুর মাধ্যমে দুবাইকে আন্তর্জাতিক বিমান চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগকেন্দ্র হিসেবে আরও শক্তিশালী করার লক্ষ্য বাস্তবায়নে সহায়তা মিলবে।
ফ্লাইদুবাই সম্প্রতি লিবিয়ার বেনগাজি রুটে ফ্লাইট চালু করেছে। এছাড়া আগামী ২০ জুলাই সিরিয়ার আলেপ্পো এবং ২৩ সেপ্টেম্বর নেপালের পোখারা রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনাও রয়েছে।
এদিকে কেবিন আধুনিকায়নের কাজ শেষ হওয়ার পর এয়ারলাইনটির বোয়িং ৭৩৭ বহরে যাত্রীসেবার মান আরও উন্নত করা হয়েছে। বিজনেস শ্রেণিতে যুক্ত হয়েছে সম্পূর্ণ শোয়ার উপযোগী আসন, আর ইকোনমি শ্রেণিতে সংযোজন করা হয়েছে নতুন আরামদায়ক আসন। পাশাপাশি উন্নত মানের খাবার, নাশতা, পানীয় এবং ইন-ফ্লাইট বিনোদনের সুবিধাও বাড়ানো হয়েছে।
নতুন ফ্লাইটগুলো ফ্লাইদুবাই ও এমিরেটসের কোডশেয়ার অংশীদারত্বের আওতায় পরিচালিত হবে। এতে যাত্রীরা একটি টিকিটেই সংযুক্ত ভ্রমণ, লাগেজের একবারেই চেক-ইন এবং বিশ্বের ২৪০টিরও বেশি গন্তব্যে সহজ সংযোগ সুবিধা পাবেন।
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ থেকে ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে প্রতিদিন দুটি ফ্লাইট পরিচালিত হবে। এয়ারলাইনটির আশা, এই সম্প্রসারণ থাইল্যান্ডগামী পর্যটন ও ব্যবসায়িক ভ্রমণ আরও বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত