, , ,

সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, হজ ফ্লাইটের কর কমানো ও আবাসন সুবিধা পুনর্বহালের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬ | ১১:২২ এএম

সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, হজ ফ্লাইটের কর কমানো ও আবাসন সুবিধা পুনর্বহালের আহ্বান

বাংলাদেশি হজযাত্রীদের ব্যয় কমাতে হজ ফ্লাইটে আরোপিত কর ও চার্জ হ্রাস এবং ক্যাটেগরি–ডি আবাসন সুবিধা পুনর্বহালের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এইচ.ই. ড. আব্দুল্লাহ ইবনে দাফের ইবনে উবাই।

সোমবার (১৩ জুলাই) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, প্রতি বছর বিপুলসংখ্যক বাংলাদেশি হজ পালনের জন্য সৌদি আরব যান। সৌদি সরকারের আরোপিত হজ ফ্লাইট-সংক্রান্ত কর ও বিভিন্ন চার্জ কমানো হলে হজযাত্রীদের ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে। তিনি এ বিষয়ে সৌদি সরকারের সহযোগিতা কামনা করেন।

প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, বাংলাদেশি হজযাত্রীদের জন্য ক্যাটেগরি–ডি আবাসন সুবিধা না থাকায় প্রতি যাত্রীর আবাসন ব্যয় বেড়েছে। তিনি বাংলাদেশি হজযাত্রীদের স্বার্থে এ সুবিধা পুনর্বহালের জন্য সৌদি কর্তৃপক্ষের সহযোগিতা চান।

জবাবে সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশি হজযাত্রীদের সেবার মান উন্নয়ন, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং হজের ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখতে সৌদি সরকার আন্তরিক। এ লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ ও সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি হজ ব্যবস্থাপনা, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উভয় পক্ষ।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com