ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৪৬ এএম
বিমানবন্দরের নিরাপত্তায় প্রতিদিন ব্যবহার করা শক্তিশালী স্ক্যানিং মেশিনই ঝুঁকিতে ফেলছে সেগুলোর অপারেটরদের। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বিভিন্ন বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা এক্স-রে স্ক্যানারের কাছে দায়িত্ব পালন করা কর্মীদের ক্ষতিকর আয়নাইজিং রেডিয়েশনের সংস্পর্শে আসার আশঙ্কা তৈরি হয়েছে।
পুরোনো মেশিনের শিল্ডিং ক্ষতিগ্রস্ত হওয়া, রেডিয়েশন লিকেজ, নিয়মিত রক্ষণাবেক্ষণের ঘাটতি এবং পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জামের অভাব এ ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে। দীর্ঘমেয়াদি অতিরিক্ত রেডিয়েশন এক্সপোজারে কোষের ডিএনএ ক্ষতিগ্রস্ত হয়ে ক্যানসারসহ বিভিন্ন স্বাস্থ্য জটিলতার আশঙ্কা থাকে।
শাহজালাল বিমানবন্দরের টার্মিনাল ইকুইপমেন্ট শাখার তথ্য অনুযায়ী, সেখানে কেবিন ব্যাগেজ স্ক্যানিং, হোল্ড ব্যাগেজ স্ক্যানিং ও এক্সপ্লোসিভ ট্রেস ডিটেক্টর মিলিয়ে অর্ধশতাধিক স্ক্যানিং যন্ত্র রয়েছে। এর মধ্যে ২২টি ডুয়েল ভিউ কেবিন ব্যাগেজ স্ক্যানারের ২০টি সচল। বড় লাগেজ পরীক্ষার ২০টি এইচবিএস মেশিনের মধ্যে ১৮টি সচল। এ ছাড়া ১০টি ইটিডি মেশিন ব্যবহার করা হচ্ছে।
বিমানবন্দর সূত্র বলছে, যাত্রীরা অল্প সময়ের জন্য স্ক্যানিং মেশিনের কাছে থাকলেও অপারেটরদের প্রতিদিন শিফট অনুযায়ী দীর্ঘ সময় সেখানে কাজ করতে হয়। পুরোনো মেশিনের লেড শিল্ডিং বা পর্দায় ত্রুটি, রক্ষণাবেক্ষণের ঘাটতি এবং ব্যক্তিগত সুরক্ষা ব্যবস্থার অভাবে তাদের ঝুঁকি বাড়ছে।
এক স্ক্যানিং অপারেটর জানান, রেডিয়েশন ঝুঁকি সম্পর্কে অবগত থাকলেও কর্মীদের প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম দেওয়া হয় না। বিষয়টি কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
এ পরিস্থিতিতে স্ক্যানারগুলোর নিরাপত্তা ও বিকিরণমাত্রা যাচাই করতে ১১ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বাপশনিক)। গত ৩০ আগস্ট এ কমিটি গঠন করা হয়। ইতোমধ্যে ঢাকার বিমানবন্দরের পরিদর্শন শেষ হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, কর্মীদের অপ্রয়োজনীয় এক্স-রে এক্সপোজার এড়ানো, নিরাপদ দূরত্ব বজায় রাখা, নিয়মিত রেডিয়েশন লিকেজ পরীক্ষা এবং প্রতিটি কর্মীকে ব্যক্তিগত ডোসিমিটার দেওয়া প্রয়োজন। শিল্ডিং বা নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি দেখা দিলে মেশিনের ব্যবহার বন্ধ করে দ্রুত মেরামত করতে হবে। একই সঙ্গে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও রেডিয়েশন নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন তারা।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত