নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ | ২:১২ পিএম
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য বিভিন্ন প্লান্ট নির্মাণ করা হলেও সেগুলো পরিচালনা ও ভবিষ্যতের প্রয়োজন বিবেচনায় কার্যকর পরিকল্পনা নেওয়া হয়নি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিমানমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারও বিদ্যুৎ খাতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়নি। গ্যাস উৎপাদনের একটি মেশিন নষ্ট হওয়ার পরও সেটি মেরামত করা হয়নি। এর ফলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে এবং সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে।
তিনি বলেন, দেশকে নতুন করে গড়ে তুলতে এবং রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে সময় প্রয়োজন। জনগণকে এ বিষয়ে সহযোগিতা করতে হবে।
সারের সংকট প্রসঙ্গে তিনি বলেন, দেশের প্রতিটি ইউনিয়নে সারের সরবরাহ নিশ্চিত করা হবে। চলতি মাস থেকেই সার ও টিসিবির ডিলার নিয়োগ দেওয়া হবে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে পণ্য সরবরাহ আরও সুশৃঙ্খল করা হবে।
দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শ্যামল চন্দের সভাপতিত্বে জনসভায় কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদাসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত