ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬ | ১২:২৭ পিএম
বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহরগুলোর তালিকায় আবারও উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ২০২৬ সালের বৈশ্বিক বাসযোগ্যতা সূচকে ১৭৩টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৭১তম, অর্থাৎ বসবাসের জন্য বিশ্বের তৃতীয় নিকৃষ্টতম শহর।
যুক্তরাজ্যভিত্তিক ইকোনমিস্ট গ্রুপের গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রকাশিত সর্বশেষ গ্লোবাল লাইভেবিলিটি ইনডেক্স ২০২৬-এ এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বসবাসের অনুপযোগিতার দিক থেকে তালিকার শীর্ষে রয়েছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার দামেস্ক এবং লিবিয়ার ত্রিপোলি। তাদের পরেই রয়েছে ঢাকা।
সূচক তৈরির ক্ষেত্রে স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, সংস্কৃতি ও পরিবেশ এবং অবকাঠামো—এই পাঁচটি সূচক বিবেচনায় নেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ১০০-এর মধ্যে ঢাকার মোট স্কোর ৪২। ইআইইউর মানদণ্ড অনুযায়ী, কোনো শহরের স্কোর ৮০-এর বেশি হলে তা উচ্চমাত্রার বাসযোগ্য হিসেবে বিবেচিত হয়। আর ৪০-এর নিচে থাকলে শহরটিকে অসহনীয় হিসেবে ধরা হয়। সে হিসাবে ঢাকা অসহনীয় পর্যায়ের সামান্য ওপরে অবস্থান করছে।
বিভাগভিত্তিক মূল্যায়নে স্থিতিশীলতায় ঢাকার স্কোর ৪৫, স্বাস্থ্যসেবায় ৪২, সংস্কৃতি ও পরিবেশে ৪১, শিক্ষায় ৬৭ এবং অবকাঠামোয় মাত্র ২৭। পাঁচটি সূচকের মধ্যে শিক্ষায় সর্বোচ্চ এবং অবকাঠামোয় সর্বনিম্ন স্কোর পেয়েছে রাজধানী।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত বছরের তুলনায় ঢাকার অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।
অন্যদিকে, ২০২৬ সালের সবচেয়ে বাসযোগ্য শহরের তালিকায় শীর্ষে রয়েছে কোপেনহেগেন। এরপর রয়েছে ভিয়েনা, মেলবোর্ন, সিডনি, জুরিখ, জেনেভা, ওসাকা, অ্যাডিলেড, ভ্যাঙ্কুভার এবং টোকিও।
সবচেয়ে কম বাসযোগ্য শহরের তালিকায় ঢাকার পাশাপাশি রয়েছে করাচি, আলজিয়ার্স, লাগোস, পোর্ট মোরসবাই, কিয়েভ, হারারে এবং তেহরান।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত