ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৪ অগাস্ট ২০২৬ | ৬:৫৮ এএম
কর্মক্ষেত্রে যৌন হয়রানি ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগে কানাডার বিমান সংস্থা ওয়েস্টজেটের বিরুদ্ধে দায়ের করা এক দশকের পুরোনো মামলা ৪৫ লাখ কানাডীয় ডলারে নিষ্পত্তি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪০ কোটি টাকা। ব্রিটিশ কলম্বিয়ার একটি আদালত সমঝোতাটি অনুমোদন করেছে।
২০১৬ সালে সাবেক কেবিন ক্রু সদস্য ম্যান্ডালেনা লুইস মামলাটি করেন। তার অভিযোগ, ২০১০ সালে হাওয়াইয়ে লে-ওভারের সময় ওয়েস্টজেটের এক পাইলট তাকে যৌন নির্যাতন করেন। একই পাইলট এর আগে আরেক নারী ফ্লাইট অ্যাটেনডেন্টকেও নির্যাতন করেছিলেন বলে দাবি করেন তিনি।
লুইসের অভিযোগ ছিল, বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর পরও ওই পাইলটকে কাজে বহাল রাখা হয়। পরে ২০১৬ সালে তাকে ‘চরম অবাধ্যতার’ অভিযোগে চাকরিচ্যুত করা হয়। তবে লুইসের দাবি, প্রতিষ্ঠানের কাছে জবাবদিহি চাওয়ার কারণেই তাকে প্রতিশোধমূলকভাবে বরখাস্ত করা হয়েছিল।
ওয়েস্টজেট অভিযোগগুলোর বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও এক বিবৃতিতে জানিয়েছে, উভয় পক্ষের সম্মতিতে সমঝোতায় পৌঁছানোয় তারা সন্তুষ্ট। কর্মীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে প্রশিক্ষণ ও কার্যক্রম আরও শক্তিশালী করার প্রতিশ্রুতিও দিয়েছে প্রতিষ্ঠানটি।
এদিকে ২০১৮ সালে ৩ হাজার ৫০০-এর বেশি কেবিন ক্রুর ওপর চালানো এক জরিপে ৬৮ শতাংশ কর্মী কর্মজীবনে যৌন হয়রানির শিকার হওয়ার কথা জানিয়েছিলেন। ফলে ওয়েস্টজেটের এই মামলা বিমান খাতে কর্মীদের নিরাপত্তা ও যৌন হয়রানির অভিযোগ যথাযথভাবে মোকাবিলার বিষয়টি আবারও সামনে এনেছে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত