ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৮ অগাস্ট ২০২৬ | ৪:১৭ এএম
সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা রিয়াদ এয়ার আনুষ্ঠানিকভাবে ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু করেছে। শনিবার সকালে এয়ারলাইনটির প্রথম বাণিজ্যিক ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রথম ফ্লাইটটি ঢাকায় পৌঁছালে ওয়াটার স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হয়। নতুন এ রুট চালুর মধ্য দিয়ে বাংলাদেশের এভিয়েশন বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল রিয়াদ এয়ার।
ঢাকা-রিয়াদ রুটে আধুনিক বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার দিয়ে প্রতিদিন সরাসরি ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইনটি। নতুন এই রুটে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
রিয়াদ থেকে স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে ফ্লাইট ছেড়ে পরদিন সকাল ৬টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। অন্যদিকে ঢাকা থেকে সকাল ৭টা ৪০ মিনিটে ছেড়ে স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে রিয়াদ পৌঁছানোর কথা রয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই সরাসরি ফ্লাইট দুই দেশের মধ্যে ব্যবসা, বাণিজ্য, পর্যটন ও জনসম্পর্ক আরও জোরদার করবে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত