প্রকাশ : ২৬ অগাস্ট ২০২৬ | ৭:৩৮ এএম
জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অসুস্থ হয়ে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। ওই যাত্রী অসুস্থ হয়ে পড়লে ফ্লাইটটি জরুরি ভিত্তিতে মাস্কাটে অবতরণ করে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার (২৬ আগস্ট) জেদ্দা বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে ফ্লাইট বিজি-১৩৬। উড্ডয়নের পর ছানোয়ারা বেগম নামে আনুমানিক ৫৫ বছর বয়সী এক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। তাঁর ঠিকানা চট্টগ্রাম বলে জানানো হয়েছে।
পরিস্থিতি বিবেচনায় ফ্লাইটটি মাস্কাটে ডাইভার্ট করা হয়। সেখানে অবতরণের পর অসুস্থ যাত্রীকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, মৃত যাত্রীর মরদেহ বাংলাদেশে আনার প্রক্রিয়া বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে চলমান রয়েছে।
এদিকে, যাত্রীকে হাসপাতালে নেওয়ার পর ফ্লাইট বিজি-১৩৬ মাস্কাট থেকে পুনরায় চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেছে। ফ্লাইটটি আজ আনুমানিক দুপুর ২টা ৪০ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
এ ঘটনায় মৃত যাত্রীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত