প্রকাশ : ২৫ অগাস্ট ২০২৬ | ৩:২৫ পিএম
আগামী ৯ সেপ্টেম্বর থেকে ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। যাত্রীদের বিমান যোগাযোগ সহজ ও সময়সাশ্রয়ী করতে সপ্তাহে তিন দিন এ রুটে ছয়টি ফ্লাইট পরিচালনা করা হবে।
শনিবার, বুধবার ও বৃহস্পতিবার প্রতিদিন দুটি করে ফ্লাইট চলবে। এ রুটে ৭২ আসনের এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ ব্যবহার করবে এয়ারলাইন্সটি।
সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে সকাল ১০টা ১৫ মিনিটে যশোর পৌঁছাবে প্রথম ফ্লাইট। ফিরতি ফ্লাইটটি সকাল ১০টা ৪৫ মিনিটে যশোর থেকে ছেড়ে সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
দ্বিতীয় ফ্লাইটটি বিকেল ৪টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে বিকেল ৫টা ৩০ মিনিটে যশোর পৌঁছাবে। সন্ধ্যা ৬টায় যশোর থেকে ছেড়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে।
ঢাকা-যশোর রুটে সর্বনিম্ন একমুখী ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭৪৯ টাকা এবং রিটার্ন ভাড়া ১১ হাজার ৪৯৮ টাকা। এসব ভাড়ার মধ্যে প্রযোজ্য কর ও সারচার্জ অন্তর্ভুক্ত রয়েছে।
২০১৪ সালের ১৭ জুলাই ঢাকা-যশোর রুটে ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাত্রা শুরু হয়। বর্তমানে দেশের অভ্যন্তরে ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর ও রাজশাহী রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।
এয়ারলাইন্সটির পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহত্তর যশোর অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা ও পর্যটনের পাশাপাশি দ্রুত যোগাযোগের চাহিদা বিবেচনায় নিয়ে রুটটি পুনরায় চালু করা হয়েছে। যাত্রী চাহিদা ও বাজার পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে এ রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর বিষয়টিও বিবেচনা করা হবে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত