নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ অগাস্ট ২০২৬ | ২:২৭ পিএম
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪২৭ গ্রাম সোনাসহ তামিম আনসারি মোহাম্মদ আলী (৪২) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮১ লাখ ৬৬ হাজার টাকা।
শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছানোর পর গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস গোয়েন্দা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এবং সামরিক গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে সোনাগুলো জব্দ করা হয়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, আটক তামিম আনসারি ভারতের তামিলনাড়ুর চেন্নাইয়ের বাসিন্দা। তিনি পেশায় ব্যবসায়ী এবং নিয়মিত এই রুটে যাতায়াত করেন বলে জানিয়েছেন।
এ ঘটনায় সোনা চোরাচালানের অভিযোগে আটক ব্যক্তির বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত