ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ | ৫:৩৭ পিএম
বিমান চলাচলের ইতিহাসে নতুন মাইলফলক স্থাপন করেছে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা এয়ারবাস। অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে ফ্রান্সের তুলুজ পর্যন্ত কোনো যাত্রাবিরতি ছাড়াই টানা ২৪ ঘণ্টা ২৪ মিনিট উড়ে নতুন দীর্ঘতম ননস্টপ ফ্লাইটের রেকর্ড গড়েছে এয়ারবাসের একটি পরীক্ষামূলক এ৩৫০ উড়োজাহাজ।
পরীক্ষামূলক এই ফ্লাইটে উড়োজাহাজটি মোট ২৩ হাজার ৭৫ কিলোমিটার পথ অতিক্রম করে। উত্তর মেরু ও কানাডার আকাশপথ পেরিয়ে এটি নিরাপদে এয়ারবাসের তুলুজ কারখানায় অবতরণ করে।
এই রেকর্ড গড়তে উড়োজাহাজটিতে বিশেষভাবে তৈরি অতিরিক্ত জ্বালানি ট্যাংক ব্যবহার করা হয়। এর মাধ্যমে ২০০৫ সালে বোয়িং ৭৭৭-২০০এলআর-এর গড়া ২১ হাজার ৬০১ কিলোমিটার ননস্টপ উড়ালের আগের রেকর্ড ভেঙে দেয় এয়ারবাস।
বিমান চলাচল পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, উড়োজাহাজটির পুরো যাত্রাপথ অনলাইনে অনুসরণ করেছেন প্রায় ৩৬ লাখ মানুষ। এটি তাদের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক ট্র্যাক করা ফ্লাইট।
এই পরীক্ষামূলক উড়াল ক্বান্টাসের ‘প্রজেক্ট সানরাইজ’ কর্মসূচির অংশ। প্রকল্পটির লক্ষ্য অস্ট্রেলিয়া থেকে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে সরাসরি ননস্টপ বাণিজ্যিক ফ্লাইট চালু করা।
এরই মধ্যে ক্বান্টাস ১২টি এ৩৫০-১০০০ইউএলআর উড়োজাহাজের অর্ডার দিয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের এপ্রিলে প্রথম উড়োজাহাজটি সরবরাহ করা হবে এবং একই বছরের অক্টোবরে সিডনি-লন্ডন রুটে দৈনিক ননস্টপ বাণিজ্যিক ফ্লাইট চালু করা হবে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত