ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৬ জুন ২০২৬ | ১:২৪ পিএম
ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস চীনে প্রায় ৯ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলারের একটি বড় বাণিজ্যিক সাফল্য অর্জন করেছে। দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা চায়না ইস্টার্ন এয়ারলাইন্স এ৩৩০নিও সিরিজের ২৫টি ওয়াইডবডি বিমান কেনার জন্য এয়ারবাসের সঙ্গে চুক্তি করেছে।
শুক্রবার সাংহাই স্টক এক্সচেঞ্জে দাখিল করা নথির তথ্য অনুযায়ী, বিমানগুলোর তালিকামূল্য প্রায় ৯ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার। তবে বিমান শিল্পে বড় পরিসরের ক্রয়ে সাধারণত উল্লেখযোগ্য ছাড় দেওয়া হয়। ফলে প্রকৃত ক্রয়মূল্য তালিকামূল্যের তুলনায় কম হতে পারে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, সাংহাইয়ে এয়ারবাস ও চায়না ইস্টার্নের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যদিও এ৩৩০নিও পরিবারের কোন মডেলটি কেনা হচ্ছে তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে বেশি জনপ্রিয় হওয়ায় এ৩৩০-৯০০ মডেলই সরবরাহ করা হবে বলে ধারণা করা হচ্ছে।
চুক্তি অনুযায়ী, ২০২৯ সাল থেকে সরবরাহ শুরু হবে এবং ২০৩৩ সালের মধ্যে পর্যায়ক্রমে সবগুলো বিমান হস্তান্তর সম্পন্ন হবে।
চায়না ইস্টার্ন জানিয়েছে, নতুন বিমানগুলো তাদের সাংহাই পুডং আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে আন্তঃমহাদেশীয় রুটে পরিচালনা করা হবে। এর মাধ্যমে নতুন আন্তর্জাতিক গন্তব্য চালুর পাশাপাশি বিদ্যমান রুটে ফ্লাইটের সংখ্যা বাড়ানো সম্ভব হবে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে চীনের বাণিজ্যিক বিমানবাজারে এয়ারবাসের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ এবং প্রতিযোগিতাপূর্ণ এই বাজারে বড় অর্ডার নিশ্চিত করা প্রতিষ্ঠানটির জন্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত