ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ | ৩:৩০ পিএম
মালদ্বীপের জাতীয় বিমান সংস্থা মালদিভিয়ান যাত্রী পরিবহন সক্ষমতা বাড়াতে সর্বোচ্চ দুটি এয়ারবাস এ২২০-৩০০ উড়োজাহাজ লিজ নেওয়ার উদ্যোগ নিয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের শেষ প্রান্তিক ও ২০২৮ সালের প্রথম প্রান্তিকে উড়োজাহাজ দুটি সরবরাহ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মালদিভিয়ানের মূল প্রতিষ্ঠান আইল্যান্ড এভিয়েশন সার্ভিসেস লিমিটেড (আইএএসএল) গত ১১ অক্টোবর সরকারি গেজেটে এ বিষয়ে প্রস্তাব আহ্বান করেছে। ছয় থেকে ১২ বছরের জন্য পরিচালনাভিত্তিক লিজে উড়োজাহাজ দুটি নেওয়া হবে। এগুলো মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করবে।
আগ্রহী উড়োজাহাজের মালিক, পরিচালনাকারী প্রতিষ্ঠান, লিজদাতা, বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আগামী ২৮ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মালদ্বীপের স্থানীয় সময় অনুযায়ী প্রস্তাব জমা দিতে পারবে। তবে কোনো দালাল বা মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান এতে অংশ নিতে পারবে না।
আইএএসএল প্রতিটি উড়োজাহাজে দুই শ্রেণির আসন বিন্যাস চায়। পছন্দের বিন্যাস অনুযায়ী, বিজনেস শ্রেণিতে আটটি এবং ইকোনমি শ্রেণিতে ১৩০টি আসন থাকবে। অর্থাৎ, প্রতিটি উড়োজাহাজে মোট ১৩৮টি আসন রাখার পরিকল্পনা রয়েছে। উড়োজাহাজ দুটি মালদিভিয়ানের নিজস্ব রঙ ও নকশায় সরবরাহ করতে হবে।
চুক্তির শর্ত অনুযায়ী, সরবরাহের পর প্রথম ২৪ মাস, পাঁচ হাজার উড্ডয়ন ঘণ্টা অথবা তিন হাজার ফ্লাইট চক্রের মধ্যে বড় ধরনের রক্ষণাবেক্ষণের প্রয়োজন হবে না, এমন উড়োজাহাজ চায় সংস্থাটি। অনাকাঙ্ক্ষিত বড় ধরনের রক্ষণাবেক্ষণের কারণে উড়োজাহাজ চলাচল বন্ধ থাকলে ভাড়া ছাড়ের ব্যবস্থাও চাওয়া হয়েছে।
প্রস্তাব মূল্যায়নে কারিগরি উপযুক্ততার জন্য ৪০ শতাংশ, আর্থিক শর্তের জন্য ৪৫ শতাংশ এবং অতিরিক্ত বাণিজ্যিক সুবিধার জন্য ১৫ শতাংশ নম্বর রাখা হয়েছে। পাশাপাশি কর্মীদের প্রশিক্ষণ এবং ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ পৌঁছে দেওয়ার ব্যয় বহনের প্রস্তাবও উৎসাহিত করা হয়েছে।
আইএএসএল জানিয়েছে, মূল্যায়ন শেষে আগামী ৫ নভেম্বরের মধ্যে সংক্ষিপ্ত তালিকায় থাকা দরদাতাদের জানানো হবে। নতুন উড়োজাহাজ সংগ্রহের মাধ্যমে নিজেদের পরিবহন সক্ষমতা বাড়াতে চায় মালদিভিয়ান।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত