নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ অগাস্ট ২০২৬ | ৫:৪৭ পিএম
বেনামি, নামবিহীন বা ঠিকানাবিহীন অভিযোগের ভিত্তিতে কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অনুসন্ধান বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না বলে নির্দেশনা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
মন্ত্রিপরিষদ বিভাগের ১৯৯৩ সালের একটি পরিপত্রের আলোকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তর এ সংক্রান্ত আদেশ জারি করেছে। বুধবার (১৯ আগস্ট) জারি করা ওই আদেশে বলা হয়েছে, এ ধরনের অভিযোগের সংখ্যা বাড়তে থাকায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের হয়রানির পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমেও অহেতুক জটিলতা ও বিভ্রান্তি তৈরি হচ্ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক প্রশাসন ও মানবসম্পদ (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ মইন উদ্দিন আহমেদ আদেশটিতে স্বাক্ষর করেছেন।
আদেশে বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বেনামি, নামবিহীন বা ঠিকানাবিহীন দরখাস্তের প্রবণতা ক্রমেই বাড়ছে। এসব অভিযোগের উদ্দেশ্য অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের হয়রানি করা এবং প্রশাসনিক কর্মকাণ্ডকে জটিল করে তোলা।
তবে অভিযোগে সুনির্দিষ্ট তথ্য থাকলে তা বিবেচনার সুযোগ রাখা হয়েছে। কোনো দরখাস্তে অভিযোগের নির্দিষ্ট বিষয় বা ঘটনার বিবরণ, ঘটনার সময়, সংশ্লিষ্ট ব্যক্তির নাম এবং অভিযোগের পক্ষে প্রমাণস্বরূপ কাগজপত্র উল্লেখ বা সংযুক্ত থাকলে সেটিকে তদন্তযোগ্য হিসেবে বিবেচনা করা যেতে পারে।
অর্থাৎ শুধু পরিচয়হীন অভিযোগের ভিত্তিতে কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না; অভিযোগের সত্যতা যাচাইয়ের মতো সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ থাকলেই তা তদন্তের আওতায় আনা যাবে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত