প্রকাশ : ১৭ অগাস্ট ২০২৬ | ৬:২৭ এএম
নেপালের কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট গ্রাউন্ডেড হওয়ার পর প্রায় সাত ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে ১২৭ যাত্রীকে। পরে বিকল্প উড়োজাহাজে করে তাদের ঢাকায় ফিরিয়ে আনা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৭২ ফ্লাইটটি রোববার বিকেল ৪টায় কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে ছাড়ার কথা ছিল। যাত্রী নিয়ে উড়োজাহাজটি রানওয়ের দিকে যাওয়ার সময় কারিগরি ত্রুটি ধরা পড়ে। পরে সেটিকে টার্মিনালে ফিরিয়ে এনে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।
বিমান কর্তৃপক্ষ জানায়, আটকে পড়া যাত্রীদের দেশে ফিরিয়ে আনতে রাত ১০টায় ঢাকা থেকে একটি বিকল্প উড়োজাহাজ কাঠমান্ডুর উদ্দেশে পাঠানো হয়। পরে ওই উড়োজাহাজে ১২৭ যাত্রীকে ঢাকায় ফিরিয়ে আনা হয়।
সোমবার রাত ১২টা ১০ মিনিটে বিকল্প ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এদিকে অপেক্ষমাণ যাত্রীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত