প্রকাশ : ১৩ অগাস্ট ২০২৬ | ১:৫৭ এএম
লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে ২০ লাখ যাত্রী পরিবহনের মাইলফলক অর্জন করেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিমান সংস্থা এমিরেটস। ২০১৮ সালে স্ট্যানস্টেড-দুবাই রুটে ফ্লাইট চালুর আট বছরের মধ্যে এই সাফল্য অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
মাইলফলক উদ্যাপনে একটি ফ্লাইটের এক যাত্রীকে ব্যবসায়িক শ্রেণিতে উন্নীত করার পাশাপাশি বিশেষ সদস্যপদ দেওয়া হয়েছে। একই ফ্লাইটের আরও ১১ যাত্রীকে রৌপ্য স্তরের সদস্যপদ দেওয়া হয়।
এমিরেটস জানিয়েছে, স্ট্যানস্টেড এখন তাদের যুক্তরাজ্য নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। লন্ডনের পাশাপাশি এসেক্স, হার্টফোর্ডশায়ার, কেমব্রিজ ও পূর্ব ইংল্যান্ডের যাত্রীদের দুবাইয়ের সঙ্গে যুক্ত করছে বিমানবন্দরটি।
স্ট্যানস্টেড থেকে যাত্রা করা প্রায় ৩০ শতাংশ যাত্রীর চূড়ান্ত গন্তব্য দুবাই। বাকি প্রায় ৭০ শতাংশ যাত্রী দুবাই হয়ে এশিয়া, আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিভিন্ন গন্তব্যে যান। ভারত, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড ও মরিশাস এসব যাত্রীর জনপ্রিয় গন্তব্য।
বর্তমানে স্ট্যানস্টেড-দুবাই রুটে প্রতিদিন দুটি ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস। এ ছাড়া ২০২৪ সালে বিমানবন্দরে নিজস্ব লাউঞ্জ চালু করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি এমিরেটস স্কাইকার্গোর মাধ্যমে বছরে প্রায় ২৫ হাজার টন পণ্য পরিবহন করা হয়।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত