ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১০ অগাস্ট ২০২৬ | ৫:৪৪ এএম
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, আকাশসীমা ব্যবহারে বিধিনিষেধ এবং নিরাপত্তা উদ্বেগের কারণে বাহরাইন ও কুয়েত রুটে ফ্লাইট স্থগিত রেখেছে সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা এমিরেটস। অন্যদিকে কয়েক সপ্তাহের বিঘ্নের পর এসব রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করেছে এতিহাদ এয়ারওয়েজ ও কাতার এয়ারওয়েজ।
দ্য ন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, এমিরেটস এর আগে বাহরাইন ও কুয়েতগামী ফ্লাইট অন্তত ৬ আগস্ট পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা দিয়েছিল। তবে ৯ ও ১০ আগস্টের ফ্লাইট সূচিতেও এ দুটি গন্তব্যে এমিরেটসের কোনো ফ্লাইট দেখা যায়নি।
সংঘাত শুরুর আগে দুবাই থেকে বাহরাইনে প্রতিদিন তিনটি ফ্লাইট পরিচালনা করত এমিরেটস। একইভাবে কুয়েতে প্রতিদিন চারটি ফ্লাইট চলাচল করত।
এদিকে আবুধাবিভিত্তিক এতিহাদ এয়ারওয়েজ ৮ আগস্ট থেকে কুয়েত ও বাহরাইন রুটে আবার ফ্লাইট পরিচালনা শুরু করেছে। সংস্থাটি কুয়েতে প্রতিদিন একটি এবং বাহরাইনে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনার সূচি দিয়েছে।
এতিহাদের কুয়েতগামী ফ্লাইট প্রতিদিন সকাল ৮টা ২৫ মিনিটে আবুধাবি থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। বাহরাইনগামী ফ্লাইট চলবে সপ্তাহে চার দিন—সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার।
সংযুক্ত আরব আমিরাতের অন্য দুটি বিমান সংস্থা ফ্লাইদুবাই ও এয়ার আরাবিয়াও বাহরাইন এবং কুয়েত রুটে ফ্লাইট পরিচালনা করছে। তবে আঞ্চলিক পরিস্থিতির কারণে তাদের কিছু ফ্লাইটও বাতিল বা সূচি পরিবর্তনের মুখে পড়তে পারে।
অন্যদিকে কাতার এয়ারওয়েজ ৮ আগস্ট থেকে বাহরাইন, কুয়েত ও ইরবিল রুটে দৈনিক ফ্লাইট পুনরায় চালু করেছে। সাম্প্রতিক অস্থিরতার মধ্যেও দোহা থেকে দুবাই, আবুধাবি ও শারজাহ রুটে ফ্লাইট পরিচালনা অব্যাহত রেখেছে সংস্থাটি।
এদিকে কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারওয়েজ কুয়েত থেকে দুবাই ও আবুধাবিতে একাধিক দৈনিক ফ্লাইট পরিচালনা করছে। বাহরাইনের গালফ এয়ারও সংযুক্ত আরব আমিরাতের দুটি শহরে ফ্লাইট চালু রেখেছে।
তবে মধ্যপ্রাচ্যের আকাশপথে অনিশ্চয়তা এখনো পুরোপুরি কাটেনি। নিরাপত্তা ঝুঁকি, আকাশসীমা ব্যবহারে বিধিনিষেধ এবং পরিচালনাগত জটিলতার কারণে বিভিন্ন আন্তর্জাতিক বিমান সংস্থা তাদের ফ্লাইট সূচিতে পরিবর্তন আনছে।
ব্রিটিশ এয়ারওয়েজ দুবাই, বাহরাইন ও আম্মান রুটে ফ্লাইট পুনরায় চালুর সময় ২৫ অক্টোবর পর্যন্ত পিছিয়েছে। অন্যদিকে কেএলএম ইরান, ইরাক, ইসরায়েল ও পারস্য উপসাগরের কিছু অংশের আকাশসীমা এড়িয়ে চলায় দুবাই, রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট ২৩ আগস্ট পর্যন্ত স্থগিত রেখেছে।
এ ছাড়া লুফথানসা, সুইস ও এয়ার ফ্রান্সসহ আরও কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থাও মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে তাদের ফ্লাইট সূচি পরিবর্তন করেছে। নিরাপত্তা পরিস্থিতি ও আকাশসীমার অবস্থা বিবেচনা করেই পরবর্তী সময়ে এসব রুটে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত