ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৮ অগাস্ট ২০২৬ | ৪:১৭ এএম
বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে থাইল্যান্ড। নতুন নিয়ম অনুযায়ী, কোনো যাত্রীর চেকড ব্যাগে নিষিদ্ধ বা সন্দেহজনক বস্তু থাকার আশঙ্কা দেখা দিলে যাত্রীর উপস্থিতি কিংবা সম্মতি ছাড়াই সেটি খুলে তল্লাশি করতে পারবেন নিরাপত্তাকর্মীরা।
থাইল্যান্ডের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৬ অক্টোবর থেকে এ নিয়ম কার্যকর হবে। এক্স-রে স্ক্রিনিংয়ে সন্দেহজনক হিসেবে শনাক্ত হওয়া এবং উড়োজাহাজের কার্গো হোল্ডে নেওয়ার জন্য নির্ধারিত ব্যাগগুলোই এ ব্যবস্থার আওতায় আসবে।
তল্লাশির পুরো প্রক্রিয়া ভিডিও ধারণ করা হবে এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংরক্ষণ করা হবে। তল্লাশি শেষে সংশ্লিষ্ট যাত্রীকে বিষয়টি জানানো হবে।
কর্তৃপক্ষের মতে, নতুন নিয়মে সন্দেহজনক লাগেজের মালিককে খুঁজে বের করার অপেক্ষা না করেই দ্রুত নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন করা যাবে। এতে বিমানবন্দরের নিরাপত্তা বাড়ার পাশাপাশি ফ্লাইট পরিচালনায় অপ্রয়োজনীয় বিলম্বও কমবে।
যাত্রীদের টিএসএ-অনুমোদিত লকযুক্ত লাগেজ ব্যবহারের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ, যাতে প্রয়োজনে তালা বা ব্যাগ ক্ষতিগ্রস্ত না করেই নিরাপত্তা পরীক্ষা করা যায়।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত