ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৭ অগাস্ট ২০২৬ | ৬:০৪ পিএম
গ্রিসের ক্রিট দ্বীপের উপকূল থেকে কয়েক ডজন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া ব্যক্তিদের বেশিরভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক। এছাড়া কয়েকজন মিসরের নাগরিকও রয়েছেন।
গ্রিসের সংবাদমাধ্যম দিমোক্রেতিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার প্রায় ৪০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়। এর আগে গত ৪৮ ঘণ্টায় ক্রিট দ্বীপে পৌঁছেছেন দুই শতাধিক মানুষ। তারা লিবিয়ার উপকূল থেকে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দিয়ে গ্রিসে পৌঁছান।
উদ্ধার হওয়া ব্যক্তিদের কোস্টগার্ডের একটি টহল জাহাজ ও একটি মাছ ধরার নৌকার মাধ্যমে লেরাপেত্রা বন্দরে নেওয়া হয়। সেখানে তাদের নিবন্ধন ও পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে।
এর আগে দুটি নৌকায় করে আরও ১১২ জন গ্রিসে পৌঁছান। এর মধ্যে প্রথম নৌকার ৫৬ জনের মধ্যে ৩১ জন ছিলেন সুদানি ও ২৫ জন বাংলাদেশি। দ্বিতীয় নৌকার ৫৬ জনের মধ্যে ৪৭ জন বাংলাদেশি এবং ৯ জন মিসরের নাগরিক।
লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের এই ঝুঁকিপূর্ণ পথ দীর্ঘদিন ধরে অভিবাসনপ্রত্যাশীদের অন্যতম প্রধান রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত