নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ অগাস্ট ২০২৬ | ১১:২৫ এএম
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে যোগাযোগ আরও সম্প্রসারণের লক্ষ্যে সাপ্তাহিক আরও ৩৫টি ফ্লাইট পরিচালনার প্রস্তাব নিয়ে সৌদি আরব সফরে যাচ্ছে তিন সদস্যের একটি প্রতিনিধি দল। প্রস্তাবটি বাস্তবায়িত হলে দুই দেশের মধ্যে মোট সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা ৪৯ থেকে বেড়ে ৮৪টিতে উন্নীত হবে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, প্রতিনিধি দলটি সোমবার (৩ আগস্ট) মধ্যরাতে সৌদি আরবের উদ্দেশে রওনা হবে। সফরের মূল লক্ষ্য নতুন দ্বিপক্ষীয় বিমান চলাচল চুক্তি চূড়ান্ত করা এবং অতিরিক্ত ফ্লাইট পরিচালনার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা।
প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ ছিদ্দিক। দলে আরও রয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এবিএম মাহবুব আলম এবং বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ডস অ্যান্ড রেগুলেশনস বিভাগের পরিচালক প্রকৌশলী মো. সফিউল আজম।
সফরে বিদ্যমান বিমান চলাচল চুক্তির আধুনিকায়ন, বাংলাদেশি এয়ারলাইনসের ল্যান্ডিং ও টেক-অফ স্লটসংক্রান্ত জটিলতা নিরসন এবং হজ ও ওমরাহ যাত্রীদের যাতায়াত আরও সহজ করার বিষয়েও আলোচনা হবে।
বর্তমানে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিভিন্ন এয়ারলাইনস মিলিয়ে সপ্তাহে ৪৯টি ফ্লাইট পরিচালিত হয়। তবে বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী, সারা বছরের ওমরাহ যাত্রী এবং হজ মৌসুমের অতিরিক্ত চাপ বিবেচনায় এই সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
প্রস্তাবটি অনুমোদন পেলে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে রিয়াদ, জেদ্দা, দাম্মাম ও মদিনা রুটে ফ্লাইট সংখ্যা বাড়তে পারে। এতে টিকিট সংকট কমবে, যাত্রীদের ভ্রমণ আরও সহজ হবে এবং প্রতিযোগিতা বাড়ায় বিমান ভাড়াও তুলনামূলকভাবে স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে।
সফরের অংশ হিসেবে সৌদি আরবের স্লট ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গেও বৈঠক করবে বাংলাদেশি প্রতিনিধি দল। সেখানে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও ইউএস-বাংলা এয়ারলাইনসের অপারেশনাল সমস্যা এবং সুবিধাজনক সময়ে ফ্লাইট স্লট বরাদ্দের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত