ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৩ অগাস্ট ২০২৬ | ৫:০৬ পিএম
পাসপোর্ট পেতে আর অফিসে বারবার যেতে হবে না। নাগরিক সেবা আরও সহজ ও সময়োপযোগী করতে আবেদনকারীর বাসায় হোম ডেলিভারির মাধ্যমে পাসপোর্ট পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে প্রচলিত স্টিকার ভিসার পরিবর্তে অনলাইন ভিসা (ই-ভিসা) চালুসহ ইমিগ্রেশন ব্যবস্থায় ব্যাপক আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর সূত্রে জানা গেছে, পাসপোর্ট হোম ডেলিভারি চালুর প্রস্তাব ইতোমধ্যে প্রশাসনিক অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে ৮ লাখ ৭০ হাজার ইউরো, অর্থাৎ প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পাসপোর্ট একটি অত্যন্ত সংবেদনশীল রাষ্ট্রীয় নথি হওয়ায় হোম ডেলিভারি ব্যবস্থায় কঠোর পরিচয় যাচাই, নিরাপদ হস্তান্তর এবং প্রতিটি ধাপ ডিজিটাল ট্র্যাকিংয়ের ব্যবস্থা রাখা হবে, যাতে কোনোভাবেই ভুল ব্যক্তির হাতে পাসপোর্ট না পৌঁছায়।
পরিকল্পনার অংশ হিসেবে বর্তমানে চালু থাকা স্টিকার ভিসার পরিবর্তে অনলাইন ভিসা ব্যবস্থা চালু করা হবে। পাশাপাশি বিদেশে থাকা বাংলাদেশিদের জরুরি দেশে ফেরার সুবিধায় ই-ট্রাভেল পারমিট চালু এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে ১২১টি নতুন পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত