গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২
ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৩ অগাস্ট ২০২৬ |
৪:১৩ এএম
গ্রিসে দাবানল নিয়ন্ত্রণের সময় দুটি অগ্নিনির্বাপক হেলিকপ্টারের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা গ্রিস ও ডেনমার্কের নাগরিক। অপর হেলিকপ্টারে থাকা গ্রিক ও ব্রিটিশ দুই ক্রু সদস্য অক্ষত অবস্থায় বেঁচে গেছেন।
রোববার (২ আগস্ট) রাজধানী এথেন্সের উত্তর-পশ্চিমে আতিকা অঞ্চলের পসাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নিচ দিয়ে উড়ে যাওয়া একটি হেলিকপ্টারের প্রধান রোটর ওপরে থাকা আরেকটি হেলিকপ্টারের নিচের অংশে আঘাত করলে সেটিতে আগুন ধরে যায়। পরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে গ্রিসের বোয়োশিয়া অঞ্চল থেকে শুরু হওয়া দাবানল ইতোমধ্যে আতিকা অঞ্চলে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রবল বাতাসে বিদ্যুৎ সঞ্চালন লাইনে সৃষ্ট স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এ ঘটনায় অবহেলার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও একজনকে খোঁজা হচ্ছে।
অন্যদিকে করিন্থ উপসাগরসংলগ্ন পোর্তো জারমেনো এলাকায় আগুন একটি সামরিক ফায়ারিং রেঞ্জে পৌঁছে অবিস্ফোরিত গোলাবারুদে বিস্ফোরণের ঝুঁকি তৈরি করেছে। প্রায় ৩০ হাজার জনসংখ্যার উপকূলীয় শহর মেগারার দিকে আগুনের বিস্তার ঠেকাতে জরুরি সেবাকর্মীরা কাজ করে যাচ্ছেন।