ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০১ অগাস্ট ২০২৬ | ৩:২৭ এএম
সংযুক্ত আরব আমিরাতের জাতীয় বিমান সংস্থা এমিরেটস বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য এয়ারলাইন্স হিসেবে নতুন স্বীকৃতি পেয়েছে। আন্তর্জাতিক বিমান চলাচল বিশ্লেষণ প্রতিষ্ঠান ওএজি-এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের জুন মাসে সংস্থাটির ফ্লাইট বাতিলের হার ছিল মাত্র ০.১৬ শতাংশ, যা বৈশ্বিক বিমান শিল্পের অন্যতম সেরা রেকর্ড।
প্রতিবেদন অনুযায়ী, প্রতি এক হাজার নির্ধারিত ফ্লাইটের মধ্যে গড়ে দুইটিরও কম ফ্লাইট বাতিল করেছে এমিরেটস। এ অর্জনের মাধ্যমে মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্সগুলোর মধ্যে শীর্ষ অবস্থান ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে বিশ্বের বৃহৎ এয়ারলাইন্সগুলোর তালিকায় যৌথভাবে দশম স্থানে রয়েছে তারা। এ তালিকায় মেক্সিকোর অ্যারোমেক্সিকোর সঙ্গে যৌথ অবস্থানে রয়েছে এমিরেটস।
ওএজির তথ্য অনুযায়ী, নির্ভরযোগ্যতার সূচকে এমিরেটস কোরিয়ান এয়ার, কোপা এয়ারলাইন্স, সৌদিয়া এবং ওয়েস্টজেটের মতো আন্তর্জাতিক বিমান সংস্থাকেও ছাড়িয়ে গেছে।
বিশ্লেষকদের মতে, এই অর্জনের গুরুত্ব আরও বেড়েছে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে। জুনজুড়ে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে অনেক আন্তর্জাতিক এয়ারলাইন্সকে ফ্লাইট বাতিল বা সময়সূচি পরিবর্তন করতে হলেও এমিরেটস অত্যন্ত সীমিত সংখ্যক ফ্লাইট বাতিল করে পরিচালন দক্ষতার পরিচয় দিয়েছে।
শুধু ফ্লাইট বাতিলের হার নয়, সময়ানুবর্তিতার ক্ষেত্রেও শক্ত অবস্থান ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। ওএজির মূল্যায়নে জুন মাসে ১০ হাজার থেকে ২০ হাজার ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইন্সগুলোর মধ্যে সময়মতো ফ্লাইট পরিচালনায় এমিরেটস বিশ্বের সপ্তম স্থানে রয়েছে। মূল্যায়ন করা ১২ হাজার ৬০৮টি ফ্লাইটের মধ্যে ৮৫ দশমিক ২৪ শতাংশ নির্ধারিত সময়ের ১৫ মিনিটের মধ্যে উড্ডয়ন বা অবতরণ করেছে।
বিমান চলাচল বিশেষজ্ঞদের মতে, কম ফ্লাইট বাতিল এবং উচ্চ সময়ানুবর্তিতা—এই দুই সূচকই এমিরেটসের কার্যকর অপারেশন, উন্নত পরিকল্পনা এবং সংকট মোকাবিলার সক্ষমতার প্রমাণ বহন করে। সাম্প্রতিক আঞ্চলিক অস্থিরতার মধ্যেও এই ধারাবাহিকতা বজায় রেখে সংস্থাটি যাত্রীদের আস্থা আরও সুদৃঢ় করেছে।
বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক এয়ারলাইন্স হিসেবে এমিরেটস ইতোমধ্যে সেবার মান, নিরাপত্তা এবং পরিচালন দক্ষতার জন্য একাধিক আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। ওএজির সর্বশেষ পরিসংখ্যান সেই সাফল্যের ধারাবাহিকতাকেই আরও শক্তিশালী করেছে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত