ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০২ অগাস্ট ২০২৬ | ৩:১২ এএম
দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে নাজকা লাইনস পরিদর্শনে যাওয়ার পথে একটি ছোট পর্যটকবাহী বিমান বিধ্বস্ত হয়ে বিমানের ১৩ আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন যাত্রী ও দুইজন ক্রু সদস্য রয়েছেন। নিহতদের অধিকাংশই পর্যটক ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রোববার (২ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, বিমানটি ইকা বিভাগের পিসকো শহর থেকে নাজকা লাইনসের উদ্দেশে উড্ডয়নের পর দুর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারীরা দেখতে পান, বিমানটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে গেছে।
দুর্ঘটনাস্থল থেকে পুলিশের কর্মকর্তা মেজর জর্জ অন্দ্রেদে জানান, প্রাথমিক তথ্যে ১১ জন যাত্রী ও দুইজন ক্রু সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিধ্বস্ত হওয়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যাওয়ায় কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত