ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ | ২:৫৬ এএম
পূর্বঘোষণা ছাড়াই আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করায় ইন্ডিগো ও টার্কিশ এয়ারলাইন্সকে এক যাত্রী ও তার ছেলেকে প্রায় ১ লাখ ৬০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন ভারতের চণ্ডীগড়ের একটি ক্রেতা সুরক্ষা আদালত। আদালত বলেছে, যাত্রীদের যথাযথ সেবা দিতে ব্যর্থ হওয়ায় দুই এয়ারলাইন্সই দায় এড়াতে পারে না।
ঘটনাটি ২০২৫ সালের ১৫ আগস্টের। যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন কর্মসূচিতে অংশ নিতে ছেলেকে নিয়ে দিল্লি থেকে ইস্তাম্বুল হয়ে ডেট্রয়েট যাওয়ার টিকিট কাটেন এক যাত্রী। তবে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর তারা জানতে পারেন, সংযোগ ফ্লাইটটি বাতিল করা হয়েছে। অথচ এ বিষয়ে আগে থেকে কোনো নোটিশ দেওয়া হয়নি।
ছেলের ১৮ আগস্টের ক্লাস মিস এড়াতে বাধ্য হয়ে তারা শেষ মুহূর্তে অন্য একটি এয়ারলাইন্সের টিকিট কিনতে অতিরিক্ত ২ লাখ ৩৭ হাজার ৪৯২ রুপি ব্যয় করেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রে আগে থেকে বুক করা হোটেলও বাতিল হয়ে আর্থিক ক্ষতির মুখে পড়েন।
আদালতে ইন্ডিগো অপারেশনাল সমস্যার কথা বললেও এবং টার্কিশ এয়ারলাইন্স দায় এড়ানোর চেষ্টা করলেও বিচারক তা গ্রহণ করেননি। আদালতের পর্যবেক্ষণে, যাত্রীদের সময়মতো অবহিত না করা এবং বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে ব্যর্থ হওয়া ছিল সেবায় গুরুতর ত্রুটি।
রায়ে অতিরিক্ত টিকিটের ব্যয় ও হোটেল বুকিং বাতিলের ক্ষতিসহ ১ লাখ ১০ হাজার ২৫৮ রুপি ৯ শতাংশ সুদে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মানসিক ভোগান্তি ও আইনি ব্যয়ের জন্য আরও ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। সব মিলিয়ে ৪৫ দিনের মধ্যে প্রায় ১ লাখ ৬০ হাজার রুপি পরিশোধ করতে হবে ইন্ডিগো ও টার্কিশ এয়ারলাইন্সকে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত