এক বছর পর আবার চালু হলো বিমানের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ |
১১:৫৮ এএম
প্রায় এক বছর বন্ধ থাকার পর আবারও ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালু করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাংলাদেশ ও জাপানের মধ্যে যোগাযোগ, বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদারের লক্ষ্যেই রুটটি পুনরায় চালু করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি গেটে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ফ্লাইটটির যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।
বিমান সূত্রে জানা গেছে, বিজি-৩৭৬ ফ্লাইটটি রাত ২টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই যাত্রীদের বোর্ডিং কার্যক্রম শুরু হয়।
উড়োজাহাজ সংকট এবং পরিচালন ব্যয় বৃদ্ধির কারণে ২০২৫ সালের ১ জুলাই ঢাকা-নারিতা রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে সাম্প্রতিক সময়ে রুটটি লাভজনক হওয়ার ইতিবাচক সম্ভাবনা তৈরি হয়েছিল বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী।
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও শক্তিশালী করা এবং বাণিজ্য, বিনিয়োগ ও জনগণের পারস্পরিক যোগাযোগ বাড়ানোর অংশ হিসেবে বিমানকে এই রুট পুনরায় চালুর নির্দেশ দেওয়া হয়।
এই রুট চালুর মাধ্যমে জাপানগামী যাত্রীদের জন্য সরাসরি ভ্রমণের সুযোগ বাড়বে এবং দুই দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।