ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২০ জুলাই ২০২৬ | ৩:১৯ পিএম
দীর্ঘপাল্লার আন্তর্জাতিক রুট সম্প্রসারণের পরিকল্পনার অংশ হিসেবে আরও ২৮টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ অর্ডার করেছে সৌদি আরবের নতুন এয়ারলাইনস রিয়াদ এয়ার। এর ফলে ড্রিমলাইনারের জন্য প্রতিষ্ঠানটির মোট নিশ্চিত অর্ডারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭টিতে।
ফার্নবরো আন্তর্জাতিক এয়ারশোতে এ চুক্তির ঘোষণা দেওয়া হয়। এর আওতায় আগের ২০টি অর্ডার বড় আকারের বোয়িং ৭৮৭-১০ মডেলে রূপান্তর করা হয়েছে। পাশাপাশি আগে প্রকাশ না করা আরও ১১টি ড্রিমলাইনার অর্ডারের তথ্যও জানানো হয়েছে। বাকি উড়োজাহাজগুলোর অর্ডার চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।
সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় দেশটিকে বৈশ্বিক বিমান চলাচলের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে দ্রুত আন্তর্জাতিক কার্যক্রম সম্প্রসারণ করছে রিয়াদ এয়ার। এ পরিকল্পনার অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে বিশ্বের ১০০টির বেশি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনার লক্ষ্য নির্ধারণ করেছে এয়ারলাইনসটি।
রিয়াদ এয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা টনি ডগলাস বলেন, বাণিজ্যিক কার্যক্রম শুরুর পর থেকেই যাত্রীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। নতুন উড়োজাহাজগুলো বাড়তে থাকা যাত্রী ও কার্গো চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক রুট সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বোয়িং জানিয়েছে, একই বহরে ৭৮৭-৯ এবং ৭৮৭-১০—উভয় সংস্করণের উড়োজাহাজ পরিচালনা করলে পাইলট প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং ফ্লাইট ডেক পরিচালনায় অভিন্ন ব্যবস্থা ব্যবহার করা সম্ভব হবে। এতে পরিচালন ব্যয় কমবে এবং কার্যক্রম আরও দক্ষ হবে।
বোয়িংয়ের তথ্য অনুযায়ী, ৭৮৭-১০ ড্রিমলাইনার পরিবারের সবচেয়ে বড় সংস্করণ। এতে ৭৮৭-৯–এর তুলনায় প্রায় ৫০টি অতিরিক্ত আসন রয়েছে। পাশাপাশি পুরোনো প্রজন্মের উড়োজাহাজের তুলনায় জ্বালানি ব্যবহার ও কার্বন নিঃসরণ প্রায় ২৫ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত