ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২০ জুলাই ২০২৬ | ৪:৩৯ এএম
যাত্রীসেবায় নতুন সুবিধা যুক্ত করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ২০২৭ সালে বহরে যুক্ত হওয়া নতুন উড়োজাহাজে বিনামূল্যে ইন্টারনেট, ওয়্যারলেস স্ট্রিমিং এবং প্রতিটি আসনে মোবাইল চার্জিং সুবিধা চালু করার পরিকল্পনা করেছে সংস্থাটি।
রোববার (১৯ জুলাই) কক্সবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ তথ্য জানান।
তিনি বলেন, ২০২৭ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে ২১টি একেবারে নতুন উড়োজাহাজ বহরে যুক্ত হবে। এসব উড়োজাহাজে যাত্রীরা অতিরিক্ত খরচ ছাড়াই আকাশে ইন্টারনেট ব্যবহার, ওয়্যারলেস স্ট্রিমিং এবং মোবাইল চার্জিং সুবিধা পাবেন। অনেক আন্তর্জাতিক এয়ারলাইনস এসব সেবার জন্য অতিরিক্ত অর্থ নিলেও ইউএস-বাংলা তা বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা করছে।
তিনি আরও জানান, বর্তমানে ইউএস-বাংলা দেশের ছয়টি অভ্যন্তরীণ রুট এবং ১০টি দেশের ১৪টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে এ নেটওয়ার্ক সম্প্রসারণ করে ২০টি দেশের ৩০টি গন্তব্যে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৯ জুলাই ঢাকায় বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্টের উপস্থিতিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। এরপর ২০২৭ সালজুড়ে নতুন উড়োজাহাজ বহরে যুক্ত হবে।
ইউএস-বাংলার তথ্য অনুযায়ী, বর্তমানে তাদের উড়োজাহাজের গড় বয়স প্রায় ১০ বছর। সংস্থাটি প্রতিদিন প্রায় ৯৪টি অভ্যন্তরীণ ও ৩০টি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করে। বছরে মোট ফ্লাইট সংখ্যা প্রায় ৪০ হাজার।
প্রতিষ্ঠানটির লক্ষ্য, আধুনিক উড়োজাহাজ, উন্নত প্রযুক্তি এবং বিশ্বমানের যাত্রীসেবার মাধ্যমে ইউএস-বাংলাকে একটি আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করা।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত