, , ,

বহর বাড়াতে ২০২৭ সালের মধ্যে ১০ উড়োজাহাজ লিজ নেবে বিমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ | ১২:০৮ পিএম

বহর বাড়াতে ২০২৭ সালের মধ্যে ১০ উড়োজাহাজ লিজ নেবে বিমান

আন্তর্জাতিক রুট সম্প্রসারণ ও ক্রমবর্ধমান যাত্রী চাহিদা মোকাবিলায় ২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন কেনা ১৪টি বোয়িং উড়োজাহাজ ২০৩১ সাল থেকে বহরে যুক্ত হওয়ার আগ পর্যন্ত এ লিজই হবে বিমানের সক্ষমতা বাড়ানোর প্রধান কৌশল।

রোববার বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রাথমিকভাবে তিনটি উড়োজাহাজ লিজ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে রুট সম্প্রসারণ ও পরিচালনাগত প্রয়োজনের ভিত্তিতে লিজের সংখ্যা ধাপে ধাপে ১০টিতে উন্নীত করা হবে।

তিনি বলেন, পরিকল্পনা বাস্তবায়িত হলে বিমানের বহর বর্তমান ১৯টি উড়োজাহাজ থেকে বেড়ে ২০২৭ সালের মধ্যে ২৯টিতে পৌঁছাবে। এতে বিদ্যমান আন্তর্জাতিক রুটে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর পাশাপাশি নতুন গন্তব্যে সেবা চালু করা সহজ হবে।

লিজ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে আন্তর্জাতিক পরামর্শক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। এ জন্য ইতোমধ্যে প্রায় ৪০টি আবেদন জমা পড়েছে। নির্বাচিত প্রতিষ্ঠান পুরো লিজ প্রক্রিয়া তদারকি করবে।

এরই মধ্যে ছয় বছরের জন্য তিনটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ড্রাই লিজে নেওয়ার লক্ষ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে বিমান। আগামী ৯ আগস্ট পর্যন্ত প্রস্তাব জমা দেওয়া যাবে। উড়োজাহাজগুলো ২০২৭ সালের শুরুতে বহরে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে বিমানের বহরে রয়েছে ১৯টি উড়োজাহাজ। এর পাশাপাশি ১৪টি নতুন বোয়িং উড়োজাহাজ কেনার প্রক্রিয়াও চলমান, যেগুলো ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে সরবরাহ করা হবে। দীর্ঘমেয়াদি বহর সম্প্রসারণ পরিকল্পনায় বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাসের উড়োজাহাজ অন্তর্ভুক্ত করার বিষয়টিও বিবেচনা করছে সরকার।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com