নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ | ১০:০০ এএম
দেশের বেসরকারি বিমান পরিবহন খাতে এক যুগের পথচলা সফলভাবে সম্পন্ন করে ১৩তম বর্ষে পদার্পণ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ২০১৪ সালের ১৭ জুলাই ঢাকা-যশোর রুটে একটি ড্যাশ-৮ কিউ৪০০ উড়োজাহাজ দিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি বর্তমানে ২৫টি উড়োজাহাজের বহর নিয়ে দেশি-বিদেশি ২০টি গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।
শুক্রবার (১৭ জুলাই) প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ বছরে ইউএস-বাংলা দেশের অন্যতম বৃহৎ বেসরকারি এয়ারলাইন্সে পরিণত হয়েছে। বর্তমানে বহরে রয়েছে ৩টি এয়ারবাস এ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০ এবং অন্যান্য উড়োজাহাজসহ মোট ২৫টি বিমান। শুরু থেকেই ৯০ শতাংশের বেশি সময়নিষ্ঠ ফ্লাইট পরিচালনার ধারাবাহিকতা ধরে রেখেছে প্রতিষ্ঠানটি।
বর্তমানে ইউএস-বাংলা দেশের পাঁচটি অভ্যন্তরীণ রুটের পাশাপাশি ভারত, নেপাল, মালদ্বীপ, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও চীনের বিভিন্ন গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।
ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে ২০২৭ সালের মধ্যে বহরে আরও ২১টি বোয়িং উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে কাঠমান্ডু রুটে পুনরায় ফ্লাইট চালুর পাশাপাশি কুয়েত, বাহরাইন, মদিনা, দাম্মাম, কলম্বো, জহুর বারু, পেনাং ও হংকংয়ে নতুন রুট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদে লন্ডন, রোম, নিউইয়র্ক, টরন্টো ও সিডনিতে ফ্লাইট পরিচালনার লক্ষ্যও নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।
ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা চার বছর তারা ‘সেরা অভ্যন্তরীণ এয়ারলাইন্স’ সম্মাননা অর্জন করেছে। বর্তমানে দেশে ও বিদেশে প্রতিষ্ঠানটির প্রায় চার হাজার কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। যাত্রী পরিবহনের পাশাপাশি আন্তর্জাতিক কার্গো পরিবহনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে সংস্থাটি।
এক যুগ পূর্তি উপলক্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন বলেন, আধুনিক উড়োজাহাজ, সর্বোচ্চ নিরাপত্তা এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করে যাত্রীদের উন্নত ভ্রমণ অভিজ্ঞতা দেওয়াই তাদের প্রধান লক্ষ্য।
তিনি প্রতিষ্ঠানের এই দীর্ঘ পথচলায় যাত্রী, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, ট্রাভেল এজেন্ট, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, করপোরেট অংশীদার, গণমাধ্যম এবং ইউএস-বাংলার কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত