ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ | ১২:১৪ পিএম
মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের নতুন রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন এয়ারবোর্নিও বাণিজ্যিক কার্যক্রম শুরুর প্রস্তুতির অংশ হিসেবে তাদের সর্বশেষ বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি কুচিং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। আগামী ২০ জুলাই উদ্বোধনী ফ্লাইট পরিচালনার আগে উড়োজাহাজটির আগমনকে এয়ারলাইনটির জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
বুধবার কুচিং আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি অবতরণের পর নতুন লিভারিযুক্ত বোয়িং ৭৩৭-৮০০-এর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সারাওয়াকের উপ-মুখ্যমন্ত্রী দাতুক আমার ড. সিম কুই হিয়ানও নিজের ফেসবুক পেজে বিমানটির ছবি প্রকাশ করে এটিকে রাজ্যের বিমান পরিবহন খাতের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, এয়ারবোর্নিও কেবল স্বল্পমূল্যের বিমান সংস্থা নয়, এটি একটি পূর্ণাঙ্গ সেবাভিত্তিক এয়ারলাইন। তার মতে, এই উদ্যোগ সারাওয়াকের আকাশপথে সংযোগ বাড়ানো, পর্যটন সম্প্রসারণ এবং অর্থনৈতিক উন্নয়নে দীর্ঘমেয়াদি ভূমিকা রাখবে।
ড. সিম জানান, তানজুং এমবাং এলাকায় প্রস্তাবিত নতুন কুচিং আন্তর্জাতিক বিমানবন্দর, যা ২০৩০ সালের পর নির্মাণ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে, তা এয়ারবোর্নিওর ভবিষ্যৎ সম্প্রসারণ এবং সারাওয়াকের দীর্ঘমেয়াদি বিমান চলাচল পরিকল্পনাকে আরও শক্তিশালী করবে।
তিনি বিশ্বের অন্যতম সফল বিমান সংস্থা এমিরেটসের উদাহরণ টেনে বলেন, মাত্র দুটি ওয়েট-লিজ উড়োজাহাজ এবং সীমিত মূলধন নিয়ে যাত্রা শুরু করেও প্রতিষ্ঠানটি আজ বৈশ্বিক শীর্ষ এয়ারলাইনগুলোর একটি। তার আশা, এয়ারবোর্নিওও ভবিষ্যতে সারাওয়াকের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আন্তর্জাতিক সংযোগে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
আগামী ২০ জুলাই কুচিং–কুয়ালালামপুর–কুচিং রুটে উদ্বোধনী ফ্লাইট পরিচালনার মাধ্যমে এমএএসউইংস অধিগ্রহণ ও পুনঃব্র্যান্ডিংয়ের পর এয়ারবোর্নিও আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে।
এর আগে ৭ জুলাই নতুন রুটের টিকিট বিক্রি শুরু করে এয়ারলাইনটি। উদ্বোধনী অফারে ইকোনমি শ্রেণির একমুখী ভাড়া ৩৭৫ মালয়েশিয়ান রিঙ্গিত এবং বিজনেস শ্রেণির ভাড়া ৭৩৬ মালয়েশিয়ান রিঙ্গিত নির্ধারণ করা হয়েছে। এই ভাড়ার মধ্যে বিমানবন্দর কর ও জ্বালানি সারচার্জ অন্তর্ভুক্ত রয়েছে।
এয়ারবোর্নিও জানিয়েছে, বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে কুচিং আন্তর্জাতিক বিমানবন্দর ও কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১-এর মধ্যে প্রতিদিন দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। এর মাধ্যমে যাত্রীদের জন্য আরও উন্নত সংযোগ, নির্ভরযোগ্য সেবা এবং ভ্রমণের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত