ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১১ জুলাই ২০২৬ | ৩:৫৩ এএম
যুক্তরাজ্যের স্বল্পমূল্যের বিমান সংস্থা ইজিজেট অধিগ্রহণে ৫৭০ কোটি পাউন্ড (প্রায় ৭৭০ কোটি মার্কিন ডলার) মূল্যের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্ট। নতুন এ প্রস্তাবের পর আগের সিদ্ধান্ত থেকে সরে এসে অ্যাপোলোর প্রস্তাব গ্রহণে সম্মতি দিয়েছে ইজিজেটের পরিচালনা পর্ষদ।
শুক্রবার (১০ জুলাই) কোম্পানিটি জানায়, অ্যাপোলো প্রতি শেয়ারের জন্য ৭ দশমিক ১৫ পাউন্ড নগদ মূল্য প্রস্তাব করেছে। এর আগে যুক্তরাষ্ট্রের আরেক বিনিয়োগ প্রতিষ্ঠান ক্যাসললেক শেয়ারপ্রতি ৬ দশমিক ৯০ পাউন্ড দামে অধিগ্রহণের প্রস্তাব দিয়েছিল, যা নীতিগতভাবে গ্রহণ করেছিল ইজিজেট।
তবে অ্যাপোলোর উচ্চমূল্যের প্রস্তাবকে শেয়ারহোল্ডারদের জন্য অধিক লাভজনক বিবেচনা করে বোর্ড নতুন সিদ্ধান্ত নিয়েছে। ফলে ক্যাসললেকের প্রস্তাব আর এগিয়ে নেওয়া হবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নতুন প্রস্তাবের খবরে লন্ডন স্টক এক্সচেঞ্জে ইজিজেটের শেয়ারের দাম প্রায় ১৫ শতাংশ বেড়ে ৬ দশমিক ৭৫ পাউন্ডে পৌঁছায়, যা ২০২২ সালের পর সর্বোচ্চ। যদিও এই বাজারমূল্য এখনও অ্যাপোলোর প্রস্তাবিত দামের চেয়ে কিছুটা কম। বিশ্লেষকদের মতে, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিয়ে বিনিয়োগকারীদের কিছুটা অনিশ্চয়তার কারণেই এই ব্যবধান রয়ে গেছে।
সাম্প্রতিক সময়ে জ্বালানির মূল্যবৃদ্ধি ও আন্তর্জাতিক ভ্রমণে ধীরগতির কারণে ইজিজেটের বাজারমূল্য উল্লেখযোগ্যভাবে কমে যায়। গত ২৮ মে ক্যাসললেকের আগ্রহ প্রকাশের আগের শেয়ারদরের তুলনায় অ্যাপোলোর বর্তমান প্রস্তাব প্রায় ৮১ শতাংশ বেশি।
চলতি বছরের মার্চ পর্যন্ত ছয় মাসে ইজিজেটের কর-পরবর্তী লোকসান দাঁড়িয়েছে ৩৭ কোটি ৭০ লাখ পাউন্ড, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৭ শতাংশ বেশি। তবে একই সময়ে প্রতিষ্ঠানটির আয় ১২ শতাংশ বেড়ে ৩৯৫ কোটি পাউন্ডে উন্নীত হয়েছে।
অধিগ্রহণ প্রক্রিয়ায় বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের মালিকানাবিষয়ক বিধান। এ নিয়ম অনুযায়ী, ইইউভুক্ত অঞ্চলে পরিচালিত বিমান সংস্থার নিয়ন্ত্রণমূলক মালিকানা ইউরোপীয় নাগরিকদের হাতেই থাকতে হবে।
ক্যাসললেক এই শর্ত পূরণে আইরিশ এভিয়েশন খাতের অংশীদারদের সঙ্গে কাজ করার পরিকল্পনা জানিয়েছিল। অন্যদিকে অ্যাপোলো বলেছে, তারা ইউরোপীয় ইউনিয়নের বিদেশি ভর্তুকি-সংক্রান্ত বিধিসহ সব নিয়ন্ত্রক শর্ত মেনে অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে প্রস্তুত।
যুক্তরাজ্যের অধিগ্রহণ আইন অনুযায়ী, ক্যাসললেককে ৩ আগস্ট এবং অ্যাপোলোকে ৭ আগস্টের মধ্যে চূড়ান্ত প্রস্তাব জমা দিতে হবে। অধিগ্রহণ সম্পন্ন হলে লন্ডন স্টক এক্সচেঞ্জ থেকে ইজিজেটের শেয়ার তালিকাচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত