নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬ | ১১:১৪ এএম
উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুলাই মাসের জন্য অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৩০ টাকা ৯৯ পয়সা, যা আগের মাসের তুলনায় ১৯ টাকা ২২ পয়সা কম।
মঙ্গলবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য ঘোষণা করে বিইআরসি। জুন মাসে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১৫০ টাকা ২১ পয়সা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের মূল্য প্রতি লিটারে শূন্য দশমিক ৯৮০৮ মার্কিন ডলার থেকে কমিয়ে শূন্য দশমিক ৮৫৫৬ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
চলতি বছরের মার্চে জেট ফুয়েলের দাম অভ্যন্তরীণ রুটে প্রায় ৮০ শতাংশ এবং আন্তর্জাতিক রুটে প্রায় ৭৯ শতাংশ বাড়ানো হয়েছিল। এরপর এপ্রিলেও মূল্য বৃদ্ধি করা হয়। তবে মে মাস থেকে ধারাবাহিকভাবে দাম কমানো শুরু হয়।
মে মাসে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা করা হয়। জুনে তা আরও কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়। সর্বশেষ জুলাই মাসে আরও ১৯ টাকা ২২ পয়সা কমিয়ে নতুন মূল্য কার্যকর করা হয়েছে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত