ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬ | ৫:২৭ এএম
নিজেদের সবচেয়ে বেশি যাত্রী বহনকারী উড়োজাহাজগুলোর একটি বোয়িং ৭৭৭-৩০০ইআর দিয়ে চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে আটটি রুটে ফ্লাইট পরিচালনা করবে এয়ার কানাডা। ৪৪০ আসনের এই উড়োজাহাজগুলো মূলত অবকাশযাপন এবং স্বজনদের সঙ্গে দেখা করতে যাওয়া যাত্রীদের চাহিদা বেশি থাকা গন্তব্যে ব্যবহার করছে কানাডার জাতীয় পতাকাবাহী এয়ারলাইনটি।
বর্তমানে এয়ার কানাডার বহরে রয়েছে ৮৫টি ওয়াইডবডি উড়োজাহাজ। এর মধ্যে রয়েছে ৩২টি বোয়িং ৭৮৭-৯, ২০টি এয়ারবাস এ৩৩০-৩০০, ১৯টি বোয়িং ৭৭৭-৩০০ইআর, আটটি বোয়িং ৭৮৭-৮ এবং ছয়টি বোয়িং ৭৭৭-২০০এলআর। এছাড়া ভবিষ্যতের বহর সম্প্রসারণের জন্য এয়ারবাস এ৩৫০-১০০০ ও বোয়িং ৭৮৭-১০ উড়োজাহাজের অর্ডারও দিয়েছে প্রতিষ্ঠানটি।
১৯টি বোয়িং ৭৭৭-৩০০ইআরের মধ্যে সাতটি উড়োজাহাজ উচ্চ ধারণক্ষমতার কনফিগারেশনে পরিচালিত হচ্ছে। আগে এসব উড়োজাহাজে ৪৫০টি আসন থাকলেও সম্প্রতি একটি সারি তুলে দিয়ে আসন সংখ্যা কমিয়ে ৪৪০ করা হয়েছে। এতে উড়োজাহাজের ওজন কিছুটা কমেছে, ফলে জ্বালানি ব্যয় ও পরিচালন ব্যয়ও কমানো সম্ভব হচ্ছে।
৪৪০ আসনের এই উড়োজাহাজে রয়েছে ২৮টি বিজনেস ক্লাস, ২৪টি প্রিমিয়াম ইকোনমি এবং ৩৮৮টি ইকোনমি ক্লাসের আসন। উত্তর আমেরিকার এয়ারলাইনগুলোর মধ্যে এত বেশি আসনসংখ্যার বোয়িং ৭৭৭ পরিচালনা এখনো বিরল।
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে এই উড়োজাহাজগুলো সবচেয়ে বেশি ব্যবহার হবে মন্ট্রিয়ল–ট্রুডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। আটটি নির্ধারিত রুটের মধ্যে ছয়টিই মন্ট্রিয়ল থেকে পরিচালিত হবে। এগুলো হলো প্যারিসে দিনে দুটি ফ্লাইট এবং এথেন্স, ব্রাসেলস, রোম, টোকিও নারিতা ও ভ্যাঙ্কুভারে প্রতিদিন একটি করে ফ্লাইট।
এ ছাড়া ৩০ সেপ্টেম্বর মন্ট্রিয়ল থেকে টরন্টো এবং টরন্টো থেকে বার্সেলোনা রুটে একটি করে বিশেষ ফ্লাইটেও এই উড়োজাহাজ ব্যবহার করা হবে।
তথ্য অনুযায়ী, কানাডার সবচেয়ে ব্যস্ত হাব টরন্টো পিয়ারসনের তুলনায় দ্বিতীয় বৃহত্তম হাব মন্ট্রিয়ল থেকেই এই উচ্চ ধারণক্ষমতার উড়োজাহাজ বেশি পরিচালনা করছে এয়ার কানাডা। কারণ, টরন্টোর আন্তর্জাতিক রুটগুলোতে সাধারণত তুলনামূলক বেশি বিজনেস ও প্রিমিয়াম আসনসংবলিত উড়োজাহাজ ব্যবহার করা হয়।
মন্ট্রিয়ল-ভ্যাঙ্কুভার রুটে যাত্রী চাহিদাও উল্লেখযোগ্য। সর্বশেষ এক বছরের হিসাবে এই দুই শহরের মধ্যে প্রায় ৪ লাখ ৯০ হাজার যাত্রী সরাসরি যাতায়াত করেছেন। এর মধ্যে প্রায় ৬০ হাজার যাত্রী টরন্টো বা ক্যালগেরির মতো শহর হয়ে সংযোগ ফ্লাইটে ভ্রমণ করেছেন।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত