, , ,

প্রধানমন্ত্রীর সঙ্গে এয়ারএশিয়া সিইওর বৈঠক, বিমান খাতে বিনিয়োগে আগ্রহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুন ২০২৬ | ৮:৩৮ এএম

প্রধানমন্ত্রীর সঙ্গে এয়ারএশিয়া সিইওর বৈঠক, বিমান খাতে বিনিয়োগে আগ্রহ

বাংলাদেশের বিমান পরিবহন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন এয়ারএশিয়া গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা বো লিঙ্গাম। বৈঠকে দেশের বেসামরিক বিমান চলাচল খাতের সম্প্রসারণ, আঞ্চলিক সংযোগ বৃদ্ধি এবং নতুন বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা হয়েছে।

সোমবার (২২ জুন) স্থানীয় সময় বিকেলে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ সময় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং জানায়, বৈঠকে বাংলাদেশের দ্রুত সম্প্রসারণশীল বিমান পরিবহন বাজার, যাত্রী চাহিদা বৃদ্ধি এবং আন্তর্জাতিক রুট সম্প্রসারণের সম্ভাবনা গুরুত্বের সঙ্গে উঠে আসে। একইসঙ্গে বিমানবন্দর অবকাঠামো উন্নয়ন, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক যোগাযোগ জোরদারের বিষয়েও মতবিনিময় করেন উভয় পক্ষ।

সংশ্লিষ্টরা মনে করছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ স্বল্পমূল্যের বিমান সংস্থা এয়ারএশিয়ার বিনিয়োগ আগ্রহ বাংলাদেশের বিমান খাতের জন্য ইতিবাচক বার্তা বহন করছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, পর্যটন খাতের সম্প্রসারণ এবং আন্তর্জাতিক যাত্রী চলাচল বৃদ্ধির ফলে এ খাতে নতুন সুযোগ তৈরি হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বিমানবন্দর উন্নয়ন, নতুন আন্তর্জাতিক রুট চালু এবং আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে বাংলাদেশের সম্ভাবনা বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে। এয়ারএশিয়ার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের আগ্রহ ভবিষ্যতে যৌথ বিনিয়োগ ও কৌশলগত অংশীদারত্বের পথও সুগম করতে পারে।

দুই দিনের সরকারি সফরে রোববার মালয়েশিয়া পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে মালয়েশিয়ার সরকার, ব্যবসায়ী ও বিনিয়োগ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে একাধিক বৈঠক করেন তিনি।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com