, , ,

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট ২০২৮ সালের আগে চালু হচ্ছে না

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২১ জুন ২০২৬ | ৭:০৯ পিএম

দীর্ঘদিনের প্রতীক্ষিত ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা আরও পিছিয়ে গেছে। উড়োজাহাজ সংকট, বহর সম্প্রসারণে ধীরগতি এবং নতুন বিমান সরবরাহে বিলম্বের কারণে ২০২৮ সালের আগে এই রুটে ফ্লাইট চালুর সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

রোববার রাজধানীতে আয়োজিত ‘সিভিল এভিয়েশন মাস্টার প্ল্যানিং ওভারভিউ’ শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নতুন উড়োজাহাজ হাতে পেতে অন্তত পাঁচ বছর সময় লাগতে পারে। ফলে নিউইয়র্ক রুট পরিচালনার জন্য প্রয়োজনীয় সক্ষমতা অর্জনেও আরও সময় লাগবে।

বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনস বহর সংকটে রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার ১৪টি নতুন উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে দীর্ঘপাল্লার ফ্লাইট পরিচালনায় সক্ষম ড্রিমলাইনার উড়োজাহাজও রয়েছে। তবে বৈশ্বিক উৎপাদন ও সরবরাহ সংকটের কারণে এসব উড়োজাহাজ দ্রুত পাওয়ার সম্ভাবনা কম।

নতুন বিমান হাতে পাওয়ার আগ পর্যন্ত বহরের চাপ সামাল দিতে বিদেশি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনাও বিবেচনায় রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এটি ভবিষ্যৎ আন্তর্জাতিক রুট সম্প্রসারণের প্রস্তুতিতে সহায়ক হবে।

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম দাবি। বর্তমানে যাত্রীদের মধ্যপ্রাচ্য, ইউরোপ বা অন্য কোনো ট্রানজিট বিমানবন্দর হয়ে যুক্তরাষ্ট্রে যেতে হয়। সরাসরি ফ্লাইট চালু হলে যাত্রাসময় কমবে এবং যাত্রীসেবা আরও সহজ হবে।

তবে শুধু উড়োজাহাজ সংগ্রহ করলেই এ রুট চালু করা সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও পরিচালনাগত মানদণ্ড পূরণ, পর্যাপ্ত প্রশিক্ষিত জনবল এবং লাভজনক পরিচালনা পরিকল্পনাও নিশ্চিত করতে হবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com