, , ,

ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত মার্কিন বি-৫২ বোমারু বিমান, চলছে উদ্ধার অভিযান

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৬ জুন ২০২৬ | ২:২৫ এএম

ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত মার্কিন বি-৫২ বোমারু বিমান, চলছে উদ্ধার অভিযান

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমানঘাঁটি থেকে উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই বিমানটি দুর্ঘটনার শিকার হয়।

স্থানীয় সময় সোমবার সকাল ১১টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। বিমানটি ভূপাতিত হওয়ার পর আকাশজুড়ে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়, যা কয়েক মাইল দূর থেকেও স্পষ্টভাবে নজরে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।

এডওয়ার্ডস বিমানঘাঁটি কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম শুরু করে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ বোমারু বিমান। ১৯৫০-এর দশক থেকে ব্যবহৃত এই যুদ্ধবিমান এখনো মার্কিন বিমানবাহিনীর কৌশলগত শক্তির অন্যতম প্রধান ভিত্তি হিসেবে বিবেচিত হয়। বিশাল আকৃতির কারণে এর পরিচিত নাম ‘দ্য বাফ’।

দীর্ঘপাল্লার এই বোমারু বিমান প্রায় ৫০ হাজার ফুট উচ্চতায় উড়তে পারে এবং ৭০ হাজার পাউন্ড পর্যন্ত অস্ত্র বহনের সক্ষমতা রাখে। এতে বিপুলসংখ্যক প্রচলিত বোমার পাশাপাশি পারমাণবিক অস্ত্রবাহী ক্রুজ ক্ষেপণাস্ত্রও বহন করা যায়। আকাশেই জ্বালানি গ্রহণের সুবিধা থাকায় এটি পৃথিবীর প্রায় যেকোনো অঞ্চলে অভিযান পরিচালনা করতে সক্ষম।

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতায় বি-৫২ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে ইরানকে লক্ষ্য করে পরিচালিত অভিযানে এই বোমারু বিমান ব্যবহারের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে উঠে আসে।

সাধারণত একটি বি-৫২ বিমানে পাঁচ সদস্যের ক্রু দল দায়িত্ব পালন করেন। তাঁদের মধ্যে থাকেন কমান্ডার, পাইলট, রাডার নেভিগেটর, নেভিগেটর এবং ইলেকট্রনিক যুদ্ধ কর্মকর্তা।

কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে মার্কিন সামরিক ও বিমান নিরাপত্তা কর্তৃপক্ষ। তদন্তের ফলাফল প্রকাশের পর এ দুর্ঘটনার পেছনের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Archive Calendar

Su Mo Tu We Th Fr Sa

© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com