নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ | ২:৫৩ পিএম
ককপিটে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের পর জাপান থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৪৩ মিনিটে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে বিজি-৩৭৭ ফ্লাইটটি। বাংলাদেশ সময় তখন রাত ৭টা ৪৩ মিনিট।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ ফ্লাইটটির যাত্রার বিষয়টি নিশ্চিত করেছে। বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ জানান, উড়োজাহাজে ত্রুটি শনাক্ত হওয়ার পর প্রকৌশলীরা দ্রুত মেরামতের কাজ শুরু করেন। পরে কারিগরি দল সফলভাবে ত্রুটি সারিয়ে ফ্লাইটটি উড্ডয়নের উপযোগী করে।
এক যাত্রীর ভাষ্য অনুযায়ী, বোর্ডিং শেষে উড়োজাহাজটিকে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়। রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে ‘স্পয়লার’ সংক্রান্ত একটি প্রযুক্তিগত সংকেত দেখা দেয়। এ অবস্থায় পাইলট উড্ডয়ন স্থগিত করে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেন এবং উড়োজাহাজটিকে পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়।
চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। পাশাপাশি দেশটির বিভিন্ন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানো এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন। সফরকালে জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত