ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ | ১:৫৮ পিএম
দেশের পর্যটন খাতে নতুন মাত্রা যোগ করতে কক্সবাজারে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬’। আগামী ১ নভেম্বর শুরু হয়ে এ আয়োজন চলবে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত। সমুদ্রসৈকত ও ঝাউবনঘেরা হোটেল শৈবাল প্রাঙ্গণে বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে অনুষ্ঠিত হবে এই কার্নিভাল। আয়োজনটি পরিচালনা করবে স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেড।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান।
পর্যটন করপোরেশনের মতে, কক্সবাজারে দেশি পর্যটকের সংখ্যা বাড়লেও বিদেশি পর্যটক আকর্ষণে আরও উদ্যোগ প্রয়োজন। সমুদ্রসৈকত উপভোগের পাশাপাশি পর্যটকদের জন্য দিন ও রাতে বৈচিত্র্যময় বিনোদনের সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
কার্নিভালে থাকছে দেশি-বিদেশি খাবারের আয়োজন, লাইভ ফুড স্টল, বারবিকিউ, আইসক্রিম ও জুস কর্নার। পাশাপাশি মার্কেট জোন ও ক্রাফট ভিলেজে পোশাক, অলংকার, মাটির পণ্য এবং স্থানীয় কারিগরদের তৈরি শিল্পপণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে।
পর্যটকদের বিনোদনের জন্য থাকবে ওপেন-স্কাই মুভি থিয়েটার, ভিআর জোন, লাইভ আর্ট, ফটো গ্যালারি, সার্কাস তাঁবু ও সংগীতানুষ্ঠান। ক্রীড়াপ্রেমীদের জন্য আয়োজন করা হবে বিচ ফুটবল, হ্যান্ডবল, ভলিবল, কাবাডি ও ব্যাডমিন্টন। এ ছাড়া কায়াকিং, গো-কার্ট, বালুর ভাস্কর্য তৈরি এবং টেলিস্কোপে রাতের আকাশ দেখার সুযোগও থাকবে।
পরিবার ও শিশুদের জন্য আলাদা বিনোদনকেন্দ্রের পাশাপাশি যোগব্যায়াম, মেডিটেশন ও ক্যাম্পিংয়ের ব্যবস্থাও রাখা হচ্ছে। বিজয় দিবস, বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে থাকবে বিশেষ আয়োজন। সৈকতের সামনে খোলা মঞ্চে ‘ওয়েভ অব মিউজিক’ নামে সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
চেয়ারম্যান সামীমুজ্জামান বলেন, কক্সবাজারকে আন্তর্জাতিক মানের, নিরাপদ ও টেকসই পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরতে এ কার্নিভাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে বিদেশি পর্যটক আকর্ষণের পাশাপাশি স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণেরও সুযোগ তৈরি হবে।
আয়োজকদের আশা, সমুদ্র, সংগীত, খাবার, খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজনের সমন্বয়ে কক্সবাজারের পর্যটন অভিজ্ঞতা আরও বৈচিত্র্যময় হবে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত