নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ অগাস্ট ২০২৬ | ৪:৫৩ পিএম
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশি কর্মীর মরদেহ দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪০ ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।
গত ৯ আগস্ট রিয়াদের ওই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি কর্মী নিহত হন। পরে সৌদি কর্তৃপক্ষ ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে তাঁদের মধ্যে ৯ জনের পরিচয় নিশ্চিত করে।
নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার সাতজন রয়েছেন। তাঁদের মধ্যে চারজন একই গ্রামের বাসিন্দা এবং দুজন আপন ভাই। অন্য দুজনের বাড়ি নাটোরের নলডাঙ্গা ও রাজশাহীর বাগমারা উপজেলায়।
বিমানবন্দরে মরদেহগুলো গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পরে তাঁরা সাংবাদিকদের বিষয়টি জানান।
প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, বাকি সাতজনের ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা সম্ভব হয়নি। তাঁদের পরিচয় নিশ্চিত করতে সিআইডির তত্ত্বাবধানে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। দ্রুত তাঁদের মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
তিনি জানান, নিহতদের প্রতিটি পরিবারকে লাশ পরিবহন ও দাফন খরচ বাবদ ৩৫ হাজার টাকা এবং এককালীন ৩ লাখ টাকা অনুদান দেওয়া হবে। অর্থাৎ প্রতিটি পরিবার মোট ৩ লাখ ৩৫ হাজার টাকা করে সহায়তা পাবে।
এ ছাড়া ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো সরাসরি নিহতদের গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, প্রবাসীরা পরিবারের জন্য কষ্ট করে বিদেশে কাজ করেন। যাঁদের মরদেহ এখনো দেশে আনা সম্ভব হয়নি, ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করে তাঁদের দ্রুত ফিরিয়ে আনতে সৌদি দূতাবাস কাজ করছে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত