নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুন ২০২৬ | ৩:৪০ পিএম
রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শীর্ষ ব্যবস্থাপনায় নতুন নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে কাইজার সোহাইল আহমেদকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং সৈয়দ মঈন উদ্দিন আহমেদকে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগ অনুযায়ী, উভয় কর্মকর্তা যোগদানের তারিখ থেকে এক বছরের চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করবেন। সরকারি নির্দেশনা অনুসারে দায়িত্ব গ্রহণের আগে তাদের অন্যান্য সব পেশাগত সম্পৃক্ততা ত্যাগ করতে হবে।
নতুন এমডি কাইজার সোহাইল আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন এবং বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি থেকে অ্যারোনটিক্স বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন। জ্বালানি খাতে প্রায় তিন দশকের অভিজ্ঞতাসম্পন্ন এই পেশাজীবী দীর্ঘ সময় শেভরনে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
অন্যদিকে নতুন ডিএমডি সৈয়দ মঈন উদ্দিন আহমেদের বিমান পরিবহন খাতে দুই দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি পূর্বে বিমানের লন্ডন স্টেশনে কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং কার্গো সেলস, প্রশাসন ও ব্যবস্থাপনায় কাজ করেছেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন নেতৃত্ব বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালন দক্ষতা, সেবার মান এবং ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনায় ইতিবাচক গতি আনবে।
© 2026 Aviation Times 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত